বই কিনতে বাধ্য না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাকরণ বই কিনতে বাধ্য না করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত বুধবার বিকেলে জরুরি সভা ডেকে প্রধান শিক্ষকদের এ নির্দেশ দেন। সদরের বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে এ সভা হয়।পাঠ্যতালিকায় ব্যাকরণ বই অন্তর্ভুক্ত করার অভিযোগ থাকায় একই দিনে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ কাশিড়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘কাশিড়া উচ্চবিদ্যালয় পরিদর্শন করেছি। শিক্ষার্থীরা আমাকে বিদ্যালয় থেকে পাঠ্যতালিকায় অন্য ব্যাকরণ বই অন্তর্ভুক্ত না করার কথা জানিয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ বলেন, ‘প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান শিক্ষকদের ডেকে জরুরি সভা করেছি। শিক্ষার্থীদের ব্যাকরণ বই কিনতে বাধ্য না করতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।’মাধ্যমিক পর্যায়ে সরকারিভাবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ পাঠ্যবই হিসেবে দেওয়া সত্ত্বেও আক্কেলপুর উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে জুপিটার ভিশন নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওই দুটি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। উপঢৌকন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রতিষ্ঠানটির বই পাঠ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘উপঢৌকন নিয়ে ব্যাকরণ বই পাঠ্যতালিকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।