বই কিনে পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল উৎ​সবের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ l প্রথম আলো
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল উৎ​সবের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ l প্রথম আলো

সারা দেশে বইয়ের আগ্রাসী হামলা চালানোর কথা বললেন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, এই আক্রমণ ধ্বংসের জন্য নয়, ভালো কিছু গড়ার জন্য। আটটি প্রকাশনীর সম্মিলিত আয়োজন ঋতুভিত্তিক ‘নববর্ষে বই উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।
গতকাল বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের চত্বরে এই বইমেলার উদ্বোধন করা হয়। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আয়োজনকারী প্রকাশনীগুলো হলো অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, কাকলী প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন ও বিশ্বসাহিত্য কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, ‘ব্রিটিশরা একসময় বিনা মূল্যে চা খাইয়ে এ দেশের মানুষকে চায়ে আসক্ত করেছে। এখন চায়ের ব্যাপক জোগান থাকায় তা মানুষের চাহিদা পূরণ করতে পারছে। তেমনি বইয়ের পর্যাপ্ত জোগান থাকতে হবে, তাহলেই পাঠকের মধ্যে চাহিদা তৈরি হবে, তারা বই কিনে পড়বে।’
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বই সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। সবার মূল লক্ষ্য হতে হবে পাঠক সৃষ্টি করা।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন। এতে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের সাবেক মহাপরিচালক আলম তালুকদার, লেখক দ্বিজেন শর্মা, বিপ্রদাশ বড়ুয়া ও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধারেরা। পরে অতিথি ও প্রকাশকেরা বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা চলাকালে বই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হবে। এর মধ্যে লেখক ও পাঠকদের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রভৃতি রয়েছে।
পাঁচ দিনের ছাপচিত্র মেলা
শিল্পী মোহাম্মদ কিবরিয়ার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষেÿধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চতুর্থবারের মতো শুরু হয় কিবরিয়া ছাপচিত্র মেলা। আর্ট সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এ মেলার আয়োজন করে ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও এবং কিবরিয়া ছাপচিত্র মেলা উদযাপন পরিষদ।
এ আয়োজনে ১৪টি স্টুডিও এবং ইনস্টিটিউশনের ৫০০ শিল্পীর প্রায় পাঁচ হাজার চিত্রকর্ম স্থান পেয়েছে। এ ছাড়া তরুণ শিল্পীদের সারা জীবনের কাজের ওপর ভিত্তি করে এবারই প্রথম তিনজন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। এঁদের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পান রুহুল আমিন তারেক, সম্মাননা পুরস্কার পান মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার এবং পলাশ বরণ বিশ্বাস।
মেলা উপলক্ষে আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলামকে। এর আগে এ পুরস্কার পেয়েছিলেন শিল্পী রফিকুন নবী। মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্প সংগ্রাহক দুর্জয় রহমান। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী ও আবদুল মুক্তাদিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা।