বই গুটিয়ে পাঠাগারে চলছে পৌরসভার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে পাঠাগার বন্ধ রেখে চলছে পৌরসভার কার্যক্রম। পৌর এলাকায় একটি দ্বিতল পৌর ভবন থাকা সত্ত্বেও দূরত্বের অজুহাতে সেটি বন্ধ রাখা হয়েছে। মাত্র তিন কক্ষের পাঠাগার ভবনে গাদাগাদি করে কাজ করতে হয় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের। তিন বছর ধরে পাঠাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী।দেবীদ্বার পৌরসভার সচিব মো. সহিদুল ইসলাম জানান, ২০০২ সালের আগস্টে কুমিল্লার দেবীদ্বারকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ২০০৩ সালের ১২ মার্চ তৎকালীন বিএনপির সাংসদ উপজেলা পরিষদ কার্যালয়ে পৌরসভার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। ২০০৫ সালে পৌরসভার পশ্চিম প্রান্তে গুনাইঘর এলাকায় পৌর ভবন নির্মাণ করা হলে সেখানে পৌরসভার কার্যক্রম শুরু হয়। কিন্তু ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দূরত্বের অজুহাত দেখিয়ে সেখান থেকে পৌরসভার কার্যক্রম উপজেলা পরিষদ-সংলগ্ন পৌর পাঠাগারে স্থানান্তর করা হয়। দেবীদ্বার পৌরসভার বর্তমান কার্যালয়ে সম্প্রতি গিয়ে দেখা যায়, পৌর পাঠাগারের দ্বিতীয় তলায় ছোট্ট একটি কক্ষে পৌরসভার সচিব ও দুজন কর্মচারী কাজ করছেন। প্রকৌশলী ও প্রশাসক সহায়তা কমিটির সদস্যদের গাদাগাদি করে বসতে হয়েছে নিচতলার দুটি কক্ষে। আর পাঠাগারের বইগুলো এক কোনায় বেঁধে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পাঠাগারে গিয়ে বই ও পত্রিকা পড়া যেত। এখন পাঠাগার বন্ধ করে পৌরসভার কার্যক্রম চলছে। পৌর ভবন থাকা সত্ত্বেও পৌরসভার কাজ অন্যত্র হয়, এ রকম নজির দেশে একটিও আছে বলে মনে হয় না।’এদিকে, গত ১৮ জানুয়ারি কুমিল্লার বিভিন্ন পৌরসভায় নির্বাচন হলেও দেবীদ্বারে নির্বাচন হয়নি। পৌরসভা বাতিলের দাবিতে একটি এবং সীমানা নির্ধারণ নিয়ে পৌরবাসী আরেকটি মামলা করায় ওই নির্বাচন হয়নি। এ অবস্থায় দেবীদ্বার কেবল নামেই পৌরসভা বলে সেখানকার বাসিন্দারা মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার সময় বিভিন্ন শর্ত ধামাচাপা দিয়ে দেবীদ্বারকে পৌরসভায় উন্নীত করা হয়। ওই সময় দেবীদ্বার পৌর এলাকায় ৮০ ভাগই অকৃষি জমি রয়েছে বলে উল্লেখ করা হলেও বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এ ছাড়া জনমত উপেক্ষা করে সাংসদের নিজ এলাকায় পৌর ভবন নির্মাণের পর ২০০৬ সালে হাইকোর্টে রিট করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বর্তমানে সেটি বিচারাধীন। পৌরসভার সচিব মো. সহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এ পৌরসভার সার্বিক কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। আমরা কোনো রকমে চালিয়ে নিচ্ছি।’পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ ভূঞা প্রথম আলোকে বলেন, পৌর এলাকার এক প্রান্তে পৌর ভবনের অবস্থানের কারণে নাগরিকেরা সেখানে যাওয়া থেকে বিরত ছিলেন। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৌরসভার কার্যক্রম পাঠাগারে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে এখন রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।