চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে বই চুরির অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।আটক ছাত্রের নাম আরাফাত উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে গ্রন্থাগার ভবনের প্রধান ফটকের তালা খুলতে গিয়ে ভবনের ভেতরে আরাফাতকে অপেক্ষা করতে দেখেন দায়িত্বরত দারোয়ান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ফটকের তালা খুলে আরাফাতকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত গত শনিবার সন্ধ্যা থেকে গ্রন্থাগারের অভ্যন্তরে অপেক্ষা করছিলেন বলে জানান। গ্রন্থাগারের নির্ধারিত স্থান থেকে চাবি সংগ্রহ করে আটটিরও বেশি কক্ষ খুলে ১৮টি বই নিয়ে তা বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আরাফাত।পরে সোহরাওয়ার্দী হলের আরাফাতের ১২২ নম্বর কক্ষ থেকে আরও পাঁচটি বই উদ্ধার করে পুলিশ। আরাফাত পুলিশকে এর আগেও বই চুরির উদ্দেশ্যে গ্রন্থাগার ভবনে দুবার রাত যাপন করেছিলেন বলে জানান।আরাফাতের সঙ্গে একই কক্ষে থাকা ফয়সাল নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গত শনিবার বিকেল পাঁচটার দিকে হাটহাজারী যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হন আরাফাত। রাতে আর কক্ষে ফেরেননি তিনি।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আরাফাত শিবিরের কর্মী। চুরি হওয়া বই উদ্ধার করতে গিয়ে তাঁর কক্ষে শিবিরের বিভিন্ন বইও পাওয়া যায়। তাঁর অন্য কোনো উদ্দেশ্য ছিল।’ তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, আরাফাত শিবিরের কর্মী নন। তবে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে আরাফাত সম্পৃক্ত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। আটক হওয়ার পর আরাফাতও তা পুলিশের কাছে স্বীকার করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ কে এম জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এক শিক্ষার্থী গ্রন্থাগার ভবনের ভেতরে অপেক্ষা করছিল শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে আটক করি। ওই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’