বই পড়তে না পারলে মন খারাপ হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বই পড়তে না পারলে আমার মন খারাপ হয়ে যায়। তাই বই পড়তেই হয়। বয়স হলেও যখনই সময় পাই, আমি বই পড়ি। অবসর সময়ে বই পড়ার জন্য সময় বের করে নিই। যদিও তখন আমাকে ফাইল পড়তে ও সই করতে হয়।’
প্রধানমন্ত্রী আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা শিশুকাল থেকে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, তিনি সব সময় তাঁর সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উত্সাহিত করতেন। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটি বই নিয়ে বিছানায় যাই।’
নাতি-নাতনিদের বই নিয়ে সময় কাটাতে দেখলে খুব ভালো লাগে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ধ্যায় যখন আমি অবসরে থাকি, তখন হয় আমি আমার নাতি-নাতনিদের বই পড়ে শোনাই অথবা তারা আমাকে বই পড়ে শোনায়।’
তারা এভাবে বই পড়তে পড়তে প্রায়ই মুখস্থ করে ফেলে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্মের শিশুরা আমাদের চেয়ে বেশি মেধাবী।’ তিনি বলেন, তাঁর সরকার বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের ফসল হচ্ছে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন তৈরি এবং সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার প্রবর্তন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য দেন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। এ ছাড়া ১২ জন সেরা মেধাবীর মধ্য থেকে অদিতি বড়ুয়া ও আল-মুহিত মুহতাদি তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেয়।