বই পড়ার পুরস্কার ও বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই পড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান উপলক্ষে গত শনিবার বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বইপ্রেমী পলান সরকার।
‘আলোর মিছিল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহীর বাঘা ও চারঘাট এবং নাটোরের লালপুর উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বছরব্যাপী বই পড়ার একটি প্রতিযোগিতা করে। বছর শেষে একটি মূল্যায়ন পরীক্ষা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সংগঠনটি যেকোনো একটি মাধ্যমিক বিদ্যালয়ে বইমেলার আয়োজন করে।
গত শনিবার সংগঠনটি বাঘা উপজেলার তেঁতুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে বইমেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন আলোর মিছিলের উদ্যোক্তা জুবায়ের আল মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শরীফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বজলুর রহমান, সাবেক শিক্ষক নূরুজ্জামান সরকার, জাহিদুল ইসলাম প্রমুখ।
বই পড়া কর্মসূচিতে প্রথম হয়েছে সোনাদাহ উচ্চবিদ্যালয়, দ্বিতীয় এম আর উচ্চবিদ্যালয় এবং তৃতীয় হয়েছে রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন রায়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজদার রহমান এবং শ্রেষ্ঠ গ্রন্থাগারিক নির্বাচিত হয়েছেন হরিনা উচ্চবিদ্যালয়ের বজলু রহমান। এদের আলোর মিছিলের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।