বই পড়ে পুরস্কার জয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা পার্কের বটমূলে গতকাল আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসবে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো
রাজধানীর রমনা পার্কের বটমূলে গতকাল আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসবে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো

বই পড়ার আনন্দের সঙ্গে যুক্ত হয়েছিল পুরস্কার পাওয়ার আনন্দ। কুয়াশা ঢাকা ভোরে রমনার বটমূলে যখন পুরস্কার নেওয়ার জন্য একেক বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছিল, তখন পরমানন্দে চিৎকার করে উঠছিল অন্যরা। তাদের এই আনন্দধ্বনিতে উল্লসিত হয়ে উঠেছিল শীতের সকাল।
গতকাল শুক্রবার ছুটির দিনে বই পড়ে পুরস্কার পাওয়ার এই আয়োজন করেছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে ৩৬ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০১৪ সালে ঢাকা মহানগরের ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থী বই পড়ায় অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়ন পর্বে কৃতিত্বের অধিকারী ৬ হাজার ৯২ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল সকাল ও বিকেলে দুই পর্বে ৮৬টি স্কুলের ৪ হাজার ৮৭ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।
সকালে অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের বলেন, আজকের পৃথিবী টাকার পেছনে ছুটছে। টাকার ক্ষমতা অনেক, অনেক কিছু কেনা যায়। এমনকি, টাকা দিয়ে বাঘের চোখও কেনা যায়। কিন্তু টাকা দিয়ে আনন্দ কেনা যায় না। বই পড়লে সহজেই আনন্দ উপলব্ধি করা যায়। শিক্ষার্থীদের তিনি বলেন, জাতি হিসেবে বড় হতে চাইলে বই পড়ার সংস্কৃতিকে আরও ব্যাপক ও গভীর করতে হবে।
গ্রামীণফোনের সহযোগিতায় আয়োজিত দুই দিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, যারা বই পড়ে, তারা যে যেখানেই থাক, প্রতিটি ক্ষেত্রেই তারা এগিয়ে যাবে।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস মার্কস আডাকটুসুন বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে গ্রামীণফোন যুক্ত হতে পারায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘এর বাইরেও আমরা কেন্দ্রের অনলাইন বইপড়া কর্মসূচিতে অংশ নিয়েছি। ইন্টারনেটের মাধ্যমে মানুষ সহজেই বিশ্বসেরা বইগুলো পড়তে পারছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বইয়ের প্যাকেট তুলে দেন।
আজ রমনার বটমূলে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বেলা আড়াইটায়। মহানগরের ২৫টি স্কুলের ২ হাজার ৫ জন বিজয়ীকে আজ পুরস্কার দেওয়া হবে।