বই পড়ে পুরস্কার পাওয়ার আনন্দঘন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিজয়ী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উল্লাস ষ ছবি: প্রথম আলো
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিজয়ী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উল্লাস ষ ছবি: প্রথম আলো

বর্ণিল সাজে সজ্জিত চারদিক। একটু পরপর থেমে থেমে কিশোর কণ্ঠের উল্লাসধ্বনি শোনা যাচ্ছিল। কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরনে ছিল নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক। হাতে রঙিন কার্ড। নাম ঘোষণা হতেই মঞ্চে গিয়ে তারা গুণীজনের হাত থেকে নিচ্ছিল পুরস্কার । এ সময় অবিরাম করতালিতে পরিবেশ মুখর করে তুলতে ব্যস্ত ছিল অন্যরা। গতকাল শুক্রবার সকালে বই পড়ে বই পুরস্কার পেয়ে আনন্দে মেতে ওঠে এসব শিক্ষার্থী।
রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় গতকাল দেখা গেছে ঢাকার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই আনন্দ। তাদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয়েছিল উৎসবের পরিবেশ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গতকাল সকালে শুরু হয়েছে বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণের এ উৎসব।
বই পড়া কর্মসূচিতে বিজয়ী ছাত্রছাত্রীদের এই মিলনমেলায় এসেছিলেন তাদের অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা। বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিরা শুভেচ্ছা বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন।
অনুষ্ঠানে রাজধানীর নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রভিত্তিক বই পড়া কর্মসূচিতে মোট ৭২৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। তারা গত বছর বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা মহানগরের প্রায় এক হাজার ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে বই পাঠ মূল্যায়ন করে যথাক্রমে ‘স্বাগত পুরস্কার’, ‘শুভেচ্ছা পুরস্কার’, ‘অভিনন্দন পুরস্কার’ এবং ‘সেরা পাঠক পুরস্কার’—এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কেন্দ্রের অন্যতম ট্রাস্টি মাহবুব জামিল, সংস্কৃতিসচিব রনজিৎ কুমার বিশ্বাস, টেলিভিশনব্যক্তিত্ব আব্দুন নূর তুষার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বই পড়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, এই উদ্যোগ বই পড়ার বিষয়টি সহজ ও আনন্দময় করে তুলেছে। বিশ্বের অন্য কোনো দেশে বই পড়ায় এমন ব্যবস্থা নেই। এর প্রত্যক্ষ সুফল পাওয়া যাচ্ছে। উপস্থাপনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি সমন্বয়কারী মেজবাহ উদ্দিন আহমেদ।