বই পড়ে বই পুরস্কার জিতল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ চিকিৎ​সক, প্রকৌশলী হতে চায়। কেউ হতে চায় বিজ্ঞানী। তবে তাদের সকলেই আলোকিত মানুষ হতে চায় । একটি একটি করে কলেজের নাম ঘোষণা হচ্ছিল, আর উল্লাসে ফেটে পড়ছিল শত তরুণ প্রাণ। এ উচ্ছ্বাস বই পড়ে পুরস্কার জেতার।

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২০১৩ সালে ঢাকা মহানগরের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় আজ শুক্রবার। জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা।

এবার রাজধানীর বিভিন্ন কলেজের ১ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে নয়টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৬২২ জন শিক্ষার্থী এ পুরস্কার জিতেছে। এর মধ্যে হলিক্রস কলেজের ছাত্রীরাই জিতে নিয়েছে ২০৫টি। পুরো অনুষ্ঠানে আনন্দ-উল্লাসেও অন্যদের পেছনে ফেলে তারা।

পুরো আয়োজনে ছাপ ছিল ব্যতিক্রমী উপস্থাপনার। বিজয়ীরা নিজেরাই ঘোষণা করেছে তাদের নাম। এরপর পুরস্কার বুঝে নিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের কাছ থেকে।

অসুস্থ শরীরেও তরুণদের মাঝে এসেছিলেন তাদের প্রিয় আবু সায়ীদ স্যার। বক্তব্য নয়, শিক্ষার্থীদের সঙ্গে ভাববিনিময় করলেন, প্রশ্ন করলেন, শেষে উপদেশও দিলেন।
শুরুতেই জিজ্ঞেস করলেন ‘তোমরা কি জানো আলোকিত মানুষ জিনিসটা কী?’ পরে নিজেই উত্তর দিলেন। বললেন, ‘আলোকিত মানুষ সে-ই, যার ভেতর আগুন থাকবে। যার মধ্যে যত আগুন থাকবে, সে তত বেশি আলোকিত হবে। আর এর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।’

স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন আর সেরা পাঠক—এ চার বিভাগে পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা। এসব বিভাগে বিজয়ীরা পড়েছে যথাক্রমে ৬, ৮, ১০ ও ১২টি করে বই।
ইমদাদুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘বই হলো মানুষের জন্য পরশ পাথর। এর ছোঁয়ায় মানুষের জীবন সোনায় পরিণত হয়, হয় আলোকিত।’

সেরা পাঠক বিভাগে পুরস্কার জেতা হলিক্রস কলেজের শিক্ষার্থী শারমিন আক্তারের সবচেয়ে ভালো লেগেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বইটি। সে বলল, বিশ্বসাহিত্য কেন্দ্র তাকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকদেরও আনন্দের অন্ত নেই। তাঁদের একজন জসিমউদ্দিন বললেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’ জ্ঞান বিকশিত হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করলেন তিনি।

অনুষ্ঠান শেষ হতেই প্রিয় স্যারকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। এবার অটোগ্রাফ আর ছবি তোলার আবদার। প্রিয় স্যারও নিরাশ করলেন না কাউকে। মঞ্চ থেকে শুরু করে গাড়িতে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত মেটালেন সবার আবদার।

মেসবাহ উদ্দিন আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানে বিরক্তি আসেনি মুহূর্তের জন্যও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শহীদ মাহমুদ। আরও বক্তব্য দেন এ কর্মসূচিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগী ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী।