বই পরিবহনের টাকা দিয়ে ইউএনওর জন্য উপহার!
ব্রাহ্মণবাড়িয়া সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের খরচের জন্য ৬৫টি বিদ্যালয়ের বই পরিবহনের টাকা কেটে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে জানান, উপজেলার সরকারি-বেসরকারি ৬৫টি বিদ্যালয়ের বই পরিবহনের জন্য বরাদ্দকৃত প্রায় এক লাখ টাকা দিয়ে সদ্যবিদায়ী ইউএনও (বর্তমানে জেলার অতিরিক্ত প্রশাসক-শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) রিপন চাকমার জন্য উপহারসামগ্রী কেনা হয়েছে।
গত ৩ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। সদর উপজেলা শিক্ষক সমিতির কয়েকজন নেতা এই উদ্যোগের অগ্রভাগে ছিলেন।
শিক্ষকদের অভিযোগ, ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যের বই পরিবহনের জন্য খরচ দিচ্ছে সরকার। কিন্তু এখন পর্যন্ত তাঁরা পরিবহন খরচের টাকা পাননি।
সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, রিপন চাকমা ২০০৯ সালের ২৫ মে ইউএনও হিসেবে এবং মো. আবদুস সালাম ২০১১ সালের ৫ এপ্রিল শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘এ বছর আমাদের স্কুলের জন্য বই পরিবহন খরচ এসেছে বলে জানানো হয়। কিন্তু, সেই টাকা ইউএনওর বিদায় অনুষ্ঠানের জন্য কেটে রাখা হয়।’ তবে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বলেছেন, পরিবহন খরচের বিষয়ে তাঁদের জানা নেই।
এ বছর বই পরিবহন বাবদ ৮৫ হাজার ৮৬৮ টাকা পাওয়া ও তা খরচ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম।
জানতে চাইলে রিপন চাকমা বলেন, ‘পরিবহন খরচের যা কিছু আছে, তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আছে। আমার অনুকূলে খরচের চেক এলেও তা ক্রসচেক করে শিক্ষা কর্মকর্তাকে দিয়ে দিয়েছি।’ পরিবহন খরচের টাকায় কেনা উপহারসামগ্রী নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা কোত্থেকে উপহার দিয়েছেন, সেটা আমি কী করে বলব।’