বই পাওয়ার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের লক্ষ্যে গতকাল রোববার খুলনা মডেল স্কুল মাঠে পাঠ্যপুস্তক উৎসব-২০১২ উদ্যাপন করা হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক খুলনা জেলার শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল সকালে মডেল স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চল অনুষ্ঠানটির আয়োজন করে।জানা গেছে, জেলায় প্রাথমিক স্তরে এক হাজার ১৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখ ৪৪ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১২ লাখ নতুন বই বিতরণ করা হবে। মাধ্যমিক স্তরে ৩৯৬টি স্কুল এবং ১৩১টি মাদ্রাসায় প্রায় এক লাখ ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে ২০ লাখ ১১ হাজার বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান, জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।