বই পায়নি ১০৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিত্যপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একই নামে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়ালবাথান এবং আদিত্যপুর গ্রামে পরিচালিত হচ্ছে। দুজন শিক্ষক দুটি গ্রামে পৃথকভাবে বিদ্যালয় পরিচালনা করছেন। গত বছর বিদ্যালয়ের দুই স্থানের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছিল। চলতি বছর গোয়ালবাথানের ১০৫ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়নি। এতে তাদের লেখাপড়া বন্ধ হতে চলেছে।স্থানীয় প্রভাবশালী ও শিক্ষকদের দ্বন্দ্বের জেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে থেকে জানা গেছে, ১৯৭২ সালে কাজীপুরের চর আদিত্যপুর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৪ সালে বিদ্যালয়ের ঘরটি যমুনা নদীতে বিলীন হয়ে যায়। পরে এটি গোয়ালবাথান গ্রামে স্থানান্তর করা হয়। এলাকার লোকজনের সহায়তায় একসময় বিদ্যালয়ের জন্য জমি কেনা হয়। ১৯৯২ সালে সরকারি তিন লাখ ৬৫ হাজার টাকা দিয়ে বিদ্যালয়ের জন্য এখানে একটি টিনশেড ঘর তৈরি করা হয়।এলাকাবাসী জানান, দীর্ঘ সময় পর আদিত্যপুর গ্রামে চর পড়ায় এখানে নতুন বসতি শুরু হয়। ২০০৯ সালের ২২ জানুয়ারি ওই গ্রামের প্রভাবশালী ও বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে গোয়ালবাথানে অবস্থিত বিদ্যালয়টি ভেঙে আদিত্যপুর গ্রামে নিয়ে যান। গোয়ালবাথান গ্রামের লোকজন ওই স্থানে নতুন করে ঘর তুলে বিদ্যালয়টি চালু করেন। এর পর থেকে দুটি গ্রামেই পৃথকভাবে একই নামে দুটি বিদ্যালয়ে পাঠদান শুরু হয়।শিক্ষকেরা জানান, বর্তমানে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে গোয়ালবাথান গ্রামের বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলার রহমান এবং ১০১ জন শিক্ষার্থীকে নিয়ে আদিত্যপুর গ্রামের বিদ্যালয়ে মো. রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে সর্বশেষ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের দুই গ্রামের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। গোয়ালবাথান গ্রামের বিদ্যালয়ের শিক্ষক ফজলার রহমান বলেন, ‘আমার বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাবান্বিত হয়ে আমার ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশ গ্রহণ বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টি উল্লেখ করে মন্ত্রণালয়ে আবেদন করার পর মন্ত্রণালয় নির্দেশ দিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।আদিত্যপুর গ্রামের শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদনের পর অনুমতি নিয়ে বিদ্যালয়ের ঘর ও আসবাবপত্র নিয়ে আসা হয়। গোয়ালবাথানে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আদিত্যপুর গ্রামে বিদ্যালয়টি নিয়মমাফিক স্থাপন করা হয়েছে। এই বিদ্যালয়ে পাঠদানে কর্মরত থাকার জন্য ফজলার রহমানকে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। এতে তাঁর বেতন বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়টি অবৈধভাবে চালানোর কারণে সেখানে পাঠ্যপুস্তক সরবরাহ বন্ধ রাখা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষার কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলার রহমানের বেতনসংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। গোয়ালবাথান গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক সরবরাহ করার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।