বই পেল দৃষ্টিপ্রতিবন্ধীরাও
বিপুল উৎসাহ-উদ্দীপনায় গতকাল রোববার দেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। বছরের শুরুর দিনই শিক্ষার্থীরা হাতে পায় বিনা মূল্যের বই। দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে ব্রেইল পদ্ধতির বই তুলে দেওয়া হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর
গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক এস এম আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের নেতা আবদুল হাদী উপস্থিত ছিলেন। মোফাজ্জল হোসেন বলেন, গাজীপুরের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ৬২ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য ২৫ লাখ ৮২ হাজার বই বরাদ্দ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, মাধ্যমিক পর্যায়ে ছয় শতাধিক বিদ্যালয়ের ৪৯ লাখ ৮৯ হাজার ৮৬১টি ও দাখিল মাদ্রাসায় ৩ লাখ ৭০ হাজার ৫২৩টি বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। তিনি বলেন, ব্রেইল পদ্ধতিতে লেখাপড়ার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদেরও বিনা মূল্যের বই বিতরণ করা হয়েছে। এবার প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বই বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ
জেলার পাঁচ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মজিব আলম বলেন, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৭ লাখ শিক্ষার্থীর মধ্যে ৫৫ লাখ বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ৪ লাখ ২০ হাজার ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৮০ হাজার ৪২২টি এবং মাধ্যমিকে ৩ লাখ ১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৭ লাখ ৬২ হাজার ৪৫৮টি বই বিতরণ করা হবে।
নবাবগঞ্জ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকালে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও শাকিল আহমেদ। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, ঢাকা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এস এম সাইফুল ইসলাম, বান্দুরা ইউপির চেয়ারম্যান হিল্লাল মিয়া, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জাহিদ হায়দার উজ্জ্বল, প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।