বই পেল না তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাঠ্যপুস্তক উৎসবের দিনে বই পেল না তৃতীয় শ্রেণির ২ হাজার ৭০০ শিক্ষার্থী। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষার বইও দেওয়া যায়নি। শিক্ষা কর্মকর্তারা বলছেন, সরবরাহ না থাকায় শিক্ষার্থীদের নতুন বই দেওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বছরের শুরুর দিনে উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি কিন্ডারগার্টেন এবং মাধ্যমিক পর্যায়ের ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেবে বাগাতিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন।
যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাঁধন, মিমি, ইমন, তিথি বলেন, সবাইকে বই দিলেও তাদের
নতুন বই দেওয়া হয়নি। মা–বাবাকে সঙ্গে নিয়ে তারা বই নিতে এসেছিল। এখন খালি হাতে বাসায় ফিরছে।
তাদের অভিভাবকেরা বলেন, বই না পেয়ে তাঁদের সন্তানেরা হতাশ হয়েছে। কবে নাগাদ তাদের হাতে বই দেওয়া হবে তাও জানাতে পারছে না কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম বলেন, সরবরাহকারীরা সময়মতো বই পৌঁছাতে না পারায় তৃতীয় শ্রেণির ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে কোনো বই দেওয়া যায়নি। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষার বই শিক্ষার্থীদের হাতে দেওয়া যায়নি। বিষয়টি অধিদপ্তরকে জানানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তাঁরা সব বই পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।