বই পেল প্রতি শ্রেণির দু-একজন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গতকাল শুক্রবার বই বিতরণের আনুষ্ঠানিকতা শেষ করে প্রতি শ্রেণির মাত্র একজন করে শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। বরগুনার পাথরঘাটায়ও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণির দুই থেকে তিনজন শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। এতে ছাত্র-অভিভাবকেরা ক্ষুব্ধ। এসব জায়গায় আজ শনিবার থেকে বই দেওয়া হবে বলে জানা গেছে।
গতকাল বেলা ১১টায় ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে জেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। তিনি বিদ্যালয়ের প্রতি শ্রেণির (তৃতীয় থেকে নবম) একজন করে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। বাকি শিক্ষার্থীরা খালি হাতে বাড়ি ফিরে যায়।
গতকাল সরেজমিনে ভোলার অন্তত পাঁচটি বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা যায়। ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ গোপাল দে বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিক্ষার্থীদের যার যার শ্রেণিকক্ষে গিয়ে বসতে বলা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষ মনে করে বই না নিয়েই বাড়ি চলে গেছে। এতে তাঁদের কোনো দোষ নেই। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ থাকায় আজ শনিবার বই বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
এদিকে পাথরঘাটার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকতার পর প্রতি শ্রেণির দুই থেকে তিনজন শিক্ষার্থীর হাতে বই দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এ ছাড়া প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’, প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষার ছয়টি বই আর মাদ্রাসার সপ্তম ও নবম শ্রেণির একটি বইও গতকাল পর্যন্ত পাথরঘাটায় পৌঁছেনি। পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাথরঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই দুটি বিদ্যালয়ের প্রতি শ্রেণির তিনজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই ছাত্র বলে, ‘আজকে প্রতি শ্রেণি থেকে তিনজনকে বই দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত বসে থাকলেও স্যারেরা আমাদের বই দেননি।’ একই কথা বলে পাথরঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী। পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, আজ সবাইকে বই দেওয়া হবে।
এ ছাড়া পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসারও প্রতি শ্রেণির দুজন করে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, আনুষ্ঠানিকভাবেই দুই-একজনকে দেওয়ার ঘোষণাই রয়েছে। তাই দেওয়া হয়েছে। আজ সবাইকে বই দেওয়া হবে।