
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজন করা হয় পাঠ্যপুস্তক উৎসবের। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: জেলার ১৩টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গতকাল নতুন বই তুলে দেওয়া হয়। এই উপলক্ষে বিদ্যালয়গুলোতে ছিল উৎসবের আমেজ। জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে মোট ৮ লাখ ১৪ হাজার বই দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ৪৪ লাখ পাঠ্যবই। শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন। এ ছাড়া সকালে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে যোগ দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
নেত্রকোনা
১০টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর হাতে গতকাল বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান শহরের সাতপাই এলাকায় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর হাতে এক সেট বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর হায়দার ফকিরের সভাপতিত্বে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের সভাপতি এস এম কামরুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন প্রমুখ।
জামালপুর: গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জামালপুর উচ্চবিদ্যালয়ে নতুন বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে ৩ লাখ ২৪ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
টাঙ্গাইল: সকালে পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন সাংসদ ছানোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। ১২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে আশি লাখের বেশি নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বই উৎসব ঘিরে বিদ্যালয় যেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। নতুন বইয়ের জন্য সকাল থেকেই খুদে শিক্ষার্থীরা অভিভাবকদের হাত ধরে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে তারা উল্লসিত।
শেরপুর: জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন। বক্তব্য দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তাদিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রশীদ প্রমুখ।
জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২২ লাখ ১৫ হাজার ও প্রাথমিক পর্যায়ের ১১ লাখ ৬৬ হাজার ৮৬৯টি বই বিতরণ করা হয়।
সখীপুর (টাঙ্গাইল): উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ৭৪ হাজার ৬০৭ জন শিক্ষার্থীকে গতকাল ৫ লাখ ২৭ হাজার ৭২১টি বই দেওয়া হয়েছে। গতকাল সকালে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।