বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস
সারা দেশে গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
এদিকে নরসিংদীতে ‘ভালো থাকার গল্প শোন’ স্লোগানের একটি সিল দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোন নম্বর দিয়ে ওই বিশেষ সিলটি তৈরি করা হয়েছে। বইয়ের প্রচ্ছদের উল্টো পৃষ্ঠায় সিলটি দেওয়া হয়েছে। ওই সিলে বলা হয়েছে, ‘শিশু, ছাত্রছাত্রী ও নারীরা প্রায়ই উত্ত্যক্ত, অ্যাসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, মানব পাচার, নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রতারণার শিকার। এ সমস্যা থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে নিম্নের নম্বরে ফোন করো বা খুদে বার্তা পাঠাও। ভয় নেই, তোমার নাম-পরিচয় গোপন রাখা হবে।’ পরে সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ওসি নম্বর দেওয়া হয়েছে। নম্বরের নিচে উল্লেখ করা হয়েছে, মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব নম্বরে সহায়তা পাওয়া না গেলে নিম্নের নম্বরে ফোন বা খুদে বার্তা দেবে।’ সেখানে জেলা প্রশাসকের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে।
এ বছর জেলার ছয়টি উপজেলার ১ হাজার ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ৪৯ হাজার ৬৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৭ লাখ ৬১ হাজার ৫১৫টি বই বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ: সকাল ১০টায় শহরের চাষাঢ়া প্রিপারেটরি স্কুলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ হাইস্কুলে দুই হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক আনিছুর। এ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামাল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহীন আরা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ। বেলা সাড়ে ১১টায় আমলাপাড়া শিশু প্রাথমিক বিদ্যালয়ে উৎসব হয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন উপসচিব ইসরাত হোসেন খান। এ ছাড়া শহরের বেইলি স্কুল, চাষাঢ়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কিন্ডারগার্টেনে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মানিকগঞ্জ: বেলা ১১টায় শহরের ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। দুপুর ১২টার দিকে শহরের সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আলেয়া ফেরদৌসী প্রমুখ। জেলায় প্রাথমিক স্তরে ৮৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫০ হাজার ও মাধ্যমিকে ১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ শুরু হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ৪২ হাজার শিক্ষার্থীর মধ্যে দুই লাখ বই বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন ইউএনও আবু নাছের ভূঞা।
কেরানীগঞ্জ (ঢাকা): সকাল ১০টায় কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই দিয়ে উৎসব শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। সভাপতিত্ব করেন কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজর (অব.) ভবরঞ্জন। বক্তব্য দেন ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।
এ বছর ৪৭০টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ৫ লাখ ৭৫ হাজার নতুন বই বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান বলেন, ৪০ মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৭০ শতাংশ বই বিতরণ করা হয়েছে।