বই প্রত্যাহারের নির্দেশ পাঁচজনকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন উল্লেখ করে সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য প্রকাশিত প্রগতি নিম্ন মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা বইটি ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই বইয়ের লেখক, প্রকাশকসহ পাঁচ ব্যক্তিকে আগামী ২ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ এনে মো. এনামুল হক রিট আবেদনটি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বেলাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে বেলাল হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের বিষয়ে ব্যাখ্যা জানাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, বইয়ের প্রকাশক মো. তোফাজ্জল হোসেন, লেখক রতন সিদ্দিকী, সম্পাদক সফিউদ্দিন আহমদ ও মুহম্মদ আবদুল জলিলকে ২ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত রুলও জারি করেছেন।