বই পড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দ্বিতীয় আসর শুরু হচ্ছে
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘দ্বিতীয় সিটি আগামীর আলো’ শীর্ষক বই পড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আসর শুরু হতে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিটি গ্রুপ যৌথভাবে এর উদ্বোধন ঘোষণা করেছে। এবার দুই ভাগে বিভক্ত এই আসরে মোট ১৩ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ঢাকা শহরের ৫০টি সেরা স্কুলের তিন হাজার এবং বই পড়া কর্মসূচিতে ঢাকার বাইরের তিনটি জেলার ৭৫টি স্কুলের ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের তালিকায় থাকছে রচনা প্রতিযোগিতা, মানচিত্রের খেলা, আবৃত্তি ও দেওয়াল পত্রিকা প্রকাশ।গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে আসরের বিভিন্ন দিক তুলে ধরেন আলোকিত মানুষ গড়ার কারিগর বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় সিটি বাংলাদেশের গ্লোবাল করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক বিভাগের প্রধান আবরার এ আনোয়ার, সিটিব্যাংকের কর্মকর্তা নাসিরা মনসুর ও ফারাহ জাবীন বি. রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই পড়লে শিশুরা জ্ঞানের আলোয় বিকশিত হয়ে বেড়ে উঠবে। কিন্তু এই বিকাশের জন্য শিশু ও শিক্ষার্থীদের সেই অবকাশও দিতে হবে। তিনি বলেন, এখন শিশুদের ওপর পড়াশোনার প্রচণ্ড চাপ। এই চাপের যাঁতাকলে তারা নিজেদের শৈশবই হারিয়ে ফেলছে। এজন্য শিশুদের আনন্দ ও সৌন্দর্যের সংস্পর্শে আনতে হবে। তাই বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়া কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করছে। আবু সায়ীদ বলেন, বই শিশুকে বড় করবে আর সাংস্কৃতিক কর্মসূচি তার সৌন্দর্য প্রস্ফুটিত করবে। তিনি জানান, বিশ্বসাহিত্য কেন্দ্র সাড়ে চার লাখ শিক্ষার্থীকে বই পড়ানোর কর্মসূচি নিয়েছে। বর্তমানে দুই লাখ শিক্ষার্থীকে বই পড়ানো হচ্ছে। ধীরে ধীরে এই কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে। সিটি বাংলাদেশের গ্লোবাল করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক বিভাগের প্রধান আবরার এ আনোয়ার বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে এই বই পড়া কর্মসূচি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দ্বিতীয়বারের মতো সম্পৃক্ত হতে পেরে সিটিব্যাংক এনএ আনন্দিত। তিনি আশা প্রকাশ করে বলেন, আরও অনেক প্রতিষ্ঠান যদি এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দিতে এগিয়ে আসে, তাহলে এটি আরও প্রসারিত ও সফল হবে।