একজন ব্যক্তি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা মূলত পরিবারের মাধ্যমে পেয়ে থাকে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্রসহ নানা মাধ্যমে তার শিক্ষা লাভের সুযোগ তৈরি হয়। তবে এসব প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে অকার্যকর ভূমিকা পালন করলেও করতে পারে। কিন্তু বই কখনোই অকার্যকর ভূমিকা পালন করতে পারে না। বই পাঠের মাধ্যমে একজন ব্যক্তি মূল্যবোধের প্রকৃত শিক্ষা পায়।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এমন অভিমত দেন। আইডিয়া ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে শান্তি ও মূল্যবোধ চর্চা: আমাদের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। পুরো সভা সঞ্চালন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। অনুষ্ঠানে সিলেট নগরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা সভার নির্ধারিত আলোচকদের কাছে সমাজ, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করে।
অনুষ্ঠানে দেশের জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আযম খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহম্মদ, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সংগীতশিল্পী রানা কুমার সিনহা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম নির্ধারিত আলোচকের বক্তব্য দেন। শুরুতেই স্বাগত বক্তব্য দেন মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘কেবল পাস করে জিপিএ-৫ পাওয়াটাই জীবনের লক্ষ্য হতে পারে না। কোনো কিছু না জেনে কেবল সার্টিফিকেট অর্জন করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যে যত বেশি জানবে, যত বেশি জ্ঞানের অধিকারী হবে, সে-ই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ভালো অবস্থানে যেতে পারবে। তরুণ শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ফেসবুক আর বুকের (বই) মধ্যে অনেক পার্থক্য। পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিতভাবে অন্যান্য বই পড়ার কোনো বিকল্প নেই।’
বক্তৃতায় রাশেদা কে চৌধূরী বলেন, ‘বাংলাদেশে হাত ধোয়া দিবস আছে, এটি বিবেচনায় নিয়ে আমরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম, যেন বইপড়া দিবস চালু করা হয়। আশার কথা, এ ক্ষেত্রে সরকারের মনোভাব ইতিবাচক।’