বই পড়ায় সেরা

বিদ্যালয়টি শহরের নয়। সরকারিও নয়। ভবনও পাকা নয়। আধা পাকা। টিনশেডের। পবা উপজেলার নিভৃত গ্রামের। বালিকা বিদ্যালয়। নাম হরিপুর চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়। এখানেই অধ্যয়ন করছে ৪২৮ জন শিক্ষার্থী। তারাই এবার রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ে সেরা হয়েছে। গত শুক্রবার রাজশাহীতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। এতে ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
গত শনিবার হরিপুর চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে এই সেরা পাঠকদের সঙ্গে কথা হয়। এই বিদ্যালয় থেকে ১৪০ জন শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশ নিয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯৭ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। সেরা পাঠকের পুরস্কার পেয়েছে ২৫ জন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী খায়রুন্নেসা পেয়েছে সেরা পাঠকের পুরস্কার। তার অভিব্যক্তি হচ্ছে এই রকম, বই পড়ে যে আনন্দ পাওয়া যায়, একটি ভালো বই পড়লে যে মন ভালো হয়ে যায়—এ এক আশ্চর্য অনুভূতি। ক্লাসের বাইরের বই পড়তে গিয়ে সে অনুভূতির সন্ধান পেয়েছে। আনন্দের সঙ্গে জ্ঞান অর্জনের এই অবিশ্বাস্য সুযোগ করে দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই সঙ্গে পুরস্কার হিসেবেও হাতে তুলে দিয়েছে নতুন বই। এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না।
একই ক্লাসের শিক্ষার্থী মরিয়ম খাতুন জানায়, তারা বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বই পড়ার উৎসাহ পেয়েছে। তারা একদিকে জ্ঞান অর্জন করতে পারছে, অপর দিকে আনন্দ লাভ করতে পারছে। আর এভারেস্ট বিজয়ীদের কাছ থেকে পুরস্কার নিতে পেরেও তাদের খুবই মজা লেগেছে। সত্যি কেমন বই পড়েছে জানার জন্য ভালো লাগা একটি বই সম্পর্কে জানতে চাইলে নাজনীন খাতুন জানায়, এবার জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত তাদের ১৬টি বই পড়তে দেওয়া হয়েছিল। এর মধ্যে তার মন ছুঁয়েছে দীপু নাম্বার টু। বইটির কোন বিষয়টি বেশি ভালো লেগেছে বলার সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, সাহসী দুই বন্ধুর নতুন উদ্ভাবন। মিতু খাতুন জানায়, তার ভালো লাগার বই হচ্ছে সূর্যসেন। এই বই থেকে সে এই ভূখণ্ডের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস জানতে পেরেছে। খাদিজাতুল কোবরাকে টেনেছে অদৃশ্য মানব বইটি। বইটির নায়ক নিজেকে আগন্তুক বলে পরিচয় দেন। তিনি আসলে একজন অসাধারণ বিজ্ঞানী। তিনি হরমোন প্রয়োগ করে বিড়ালকে অদৃশ্য করে দেন।
একে একে বিভিন্ন শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর কথায় বোঝা যায়, সত্যিই তারা বইয়ের পাঠক হয়ে উঠেছে। কথা হয় জান্নাতুল ফেরদৌস, রজনী খাতুন, কারিমা খাতুন, হামিমা তাসনিমের সঙ্গে। সবার অনুভূতি প্রায় একই রকমের।
বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবদুল হালিম এই বইপড়া কর্মসূচির সংগঠকের দায়িত্ব পালন করেন। তিনি বললেন, আগেও তাঁদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছে। কিন্তু সেরা পাঠক পুরস্কার পায়নি। এই পুরস্কার ধরার জন্য এবার তারা একটু নিয়ম করেছিলেন। পড়া বই ফেরত নেওয়ার সময় শিক্ষার্থীদের ওই বই থেকে ছোটখাটো দু-একটা প্রশ্ন করতেন। এতে করে তারা যাচাই করে নিয়েছেন যে ওই শিক্ষার্থী আদৌ মনোযোগসহকারে বইটি পড়েছে কি না। এই নিয়ম চালু করার পরে তারা মন দিয়ে বই পড়তে শুরু করে। এতেই সফলতা এসেছে।
এদের সম্পর্কে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি কর্মকর্তা দুলাল চক্রবর্তী বলেন, রাজশাহী মহানগরে অনেক নামকরা বিদ্যালয় রয়েছে কিন্তু তাদের ছাড়িয়ে নিভৃত গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সেরা পাঠকের পুরস্কার জিতে নিয়েছে, এতে তারা অবাক হয়েছেন। পড়াশোনা যে যেকোনো জায়গায় বসে করা যায়, ওরা তার উদাহরণ সৃষ্টি করল।