‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে/ এ জীবন পুণ্য করো দহন-দানে’—কবিগুরুর এ আহ্বানে কণ্ঠ মিলিয়ে জীবনকে সমৃদ্ধ করার প্রত্যয়ে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ উৎসব। দুই দিনের উৎসব শেষে খুদে পড়ুয়া কিশোর-কিশোরীরা বইকে চিরসঙ্গী করার অঙ্গীকার নিয়ে ফিরল বাড়ি।
গতকাল শনিবার রমনার বটমূলে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮৬৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম দিন গত শুক্রবার দুই পর্বে পুরস্কার নিয়েছিল আরও ৫২ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট তিন হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ২০১৩ সালের আয়োজনে যে সংখ্যক শিক্ষার্থী বই পড়েছে, চলতি বছরে তা দ্বিগুণ হবে বলে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষের বিশ্বাস। পরিচালক জানান, ২১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বই পড়ার কর্মসূচি চালু হচ্ছে।
‘আমরা বড় হলে বাংলাদেশ বড় হবে’—এই আশাবাদ প্রকাশ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, এক একটি বই এক একটি জানালা। যে যত বেশি বই পড়বে, তার সামনে তত বেশি আলো ঝলমলে জানালা খুলে যাবে।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলায় উৎসাহ দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ। তিনি বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি একটি দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটি দেশব্যাপী বইপড়া কর্মসূচি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতির আলোকযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছে।
শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার বলেন, পরিবর্তন ও সৃজনশীল মানসিকতা নিয়ে বেড়ে ওঠার মূল মন্ত্র বই পড়া। তিনি নতুন প্রজন্মকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচির বাইরে বেশি করে বই পড়ার আহ্বান জানান।
বই পড়ার কোনো বিকল্প নেই—এ মন্তব্য করে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সম্ভাবনাময় বাংলাদেশের জন্য বই পড়া আরও বেশি প্রয়োজন। বই পড়েই নতুন প্রজন্মকে দেশের পরিবর্তন আনতে হবে।
শিক্ষার্থীদের সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান প্রকৌশলী আবদুল আউয়াল। তিনি বলেন, শিক্ষার্থীদের সত্যের পথে সিংহের মতো বাঁচতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই ট্রাস্টি মাহবুব জামিল ও শাহ আলম সারোয়ার, টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, বিপিএটিসির রেক্টর কবি শফিক আলম মেহেদী প্রমুখ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে।