বই পড়ে পুরস্কার পেল ৩৪২১ শিক্ষার্থী
বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ২০১৫ শিক্ষাবর্ষে বইপড়া কর্মসূচিতে উৎকর্ষের পরিচয় দেওয়ার জন্য তিন হাজার ৪২১ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় খুলনা নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এ ছাড়া অন্য অতিথিদের মধ্যে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন, খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান, দুবারের এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত, গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল মাহমুদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৫ সালে খুলনা নগরের ৪৫টি স্কুলের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে মূল্যায়ন পর্বে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে, শুধু তাদেরই পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাহবুব জামিল বলেন, ‘জানার কোনো শেষ নেই, তাই পাঠ্যবইয়ের পাশাপাশি আরও বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবে।’
আবদুস সামাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ জন্য প্রয়োজন বই পড়া। বই পড়ার মাধ্যমে তোমরা নিজেরা আলোকিত হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে পৌঁছে দেবে।’
এম এ মুহিত উপস্থিত শিক্ষার্থীদের এভারেস্ট বিজয়ের গল্প শুনিয়ে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বই পড়ার জন্য সবাইকে আহ্বান জানান।