বই পড়ে পুরস্কৃত সাড়ে তিন হাজার শিক্ষার্থী

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ। সবারই মুখে হাসি, চোখে আত্মবিশ্বাস। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সদস্য তারা। সারা বছর বই পড়েছে। তারপর মূল্যায়ন পরীক্ষায় অংশও নিয়েছে। সেই মূল্যায়নে সাফল্যের জন্য পুরস্কার নিতে হাজির হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে। এমন সাড়ে তিন হাজার শিক্ষার্থীর হাতে গতকাল শুক্রবার পুরস্কার তুলে দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।
আয়োজকেরা জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৬ সালে খুলনা মহানগরের ৪১টি স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে মূল্যায়ন পর্বে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদের পুরস্কার প্রদানের জন্য গতকাল শুক্রবার খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে খুলনা মহানগরের ৪১টি স্কুলের ৩ হাজার ৫৪৩ জন শিক্ষার্থীকে দুই পর্বে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা বইপড়ার বিষয়ে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের পুরস্কার বিজয়ী সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন আজমীর পায়েল বলে, ‘আমি বই পড়ি নিজের আনন্দের জন্য। আজকের পুরস্কার পেয়ে এই আনন্দ বহুগুণ বেড়ে গেছে। বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের এই আয়োজন আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
স্কুলের বইয়ের চাপেই যখন অনেক শিক্ষার্থী ও মা-বাবা উদ্বিগ্ন, সেখানে নিজের সন্তানকে অন্যান্য বই পড়তে দেওয়ার ফলে তাদের পড়ালেখায় কী প্রভাব পড়েছে জানতে চাওয়া হয় অনুষ্ঠানে আগত একাধিক অভিভাবকের কাছে। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহানের সঙ্গে এসেছিলেন তার মা নারগিস সুলতানা। তিনি বলেন, স্কুলের পড়ালেখার পাশাপাশি বই না পড়লে ছাত্রছাত্রীরা অনেক পিছিয়ে থাকবে। এখন সৃজনশীল পদ্ধতির ফলে স্কুলের পাঠ্যবইয়ের বাইরে পড়ার অভ্যাস তাদের সাহায্যও করবে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া, লেখক ও নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন, যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান, গ্রামীণফোনের খুলনা সার্কেলের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. রায়হান জহির ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ।
আমিনুল ইসলাম ভুঁইয়া পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরা যারা পাঠ্যবইয়ের বাইরে এই বইগুলো পড়ো, তোমাদের মনের সুষ্ঠু বিকাশের সুযোগ সবচেয়ে বেশি।’ তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ জানান বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির বইগুলো পড়তে দেওয়ার জন্য।