
একটি করে কলেজের নাম ঘোষণা করা হচ্ছে, আর উল্লাসে ফেটে পড়ছেন তরুণেরা। এ উল্লাস বই পড়ে পুরস্কার জেতার। বিশ্বসাহিত্য কেন্দ্রের ২০১৩ সালের ঢাকা মহানগরের বইপড়া কর্মসূচির পুরস্কার জিতেছেন তাঁরা।
বিজয়ীরা সবাই ঢাকার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁদের কেউ হতে চান প্রকৌশলী। কেউ চিকিৎসক, কেউবা বিজ্ঞানী। তবে একটি ক্ষেত্রে তাঁরা সবাই এককাট্টা—সবাই আলোকিত মানুষ হতে চান।
গতকাল শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় শিক্ষার্থীদের পুরস্কৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠানে তাঁদের অভিভাবক ও শিক্ষকেরাও অংশ নেন।
মোট এক হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে ৬২২ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন। এর মধ্যে হলিক্রস কলেজের শিক্ষার্থীরাই জিতেছেন ২০৫টি পুরস্কার। তাই অনুষ্ঠানে আনন্দ-উল্লাসেও অন্যদের পেছনে ফেলেছেন তাঁরা।
অনুষ্ঠানে বিজয়ীরা নিজেরাই ঘোষণা করেছেন নিজেদের নাম। তারপর পুরস্কার নিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের কাছ থেকে।

অনুষ্ঠানে অধ্যাপক সায়ীদ শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময় করেছেন। কিছু প্রশ্ন করেছেন। প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন ‘তোমরা কি জানো, আলোকিত মানুষ জিনিসটা কী?’ উত্তরে নিজেই বললেন, ‘আলোকিত মানুষ সে-ই, যার ভেতর আগুন থাকবে। যার মধ্যে যত আগুন থাকবে, সে তত বেশি আলোকিত হবে। আর এ জন্য বই পড়ার বিকল্প নেই।’
স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন আর সেরা পাঠক—এই চার বিভাগে পুরস্কার দেওয়া হয়। এসব বিভাগে বিজয়ীরা যথাক্রমে ছয়, আট, দশ ও বারোটি করে বই পড়েছেন। ইমদাদুল হক মিলন বলেন, বই হলো মানুষের জন্য পরশপাথর। এর ছোঁয়ায় মানুষের জীবন সোনায় পরিণত হয়, হয় আলোকিত।
অনুষ্ঠান শেষ হতেই প্রিয় সায়ীদ স্যারকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এবার অটোগ্রাফ আর ছবি তোলার আবদার। প্রিয় স্যারও নিরাশ করেননি কাউকে।
মেসবাহ উদ্দিন আহমেদের উপস্থাপনা ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক শহীদ মাহমুদ। বক্তব্য দেন বইপড়া কর্মসূচিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগী ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী।