বই পড়ে হরতালের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মূল ফটকে বড় তালা। তবে ভেতরে মানুষের সাড়াশব্দ কানে আসে। কড়া নাড়তেই পকেট ফটকটি খুলে দিলেন দারোয়ান তসলিম উদ্দিন। বললেন, হরতাল। ক্লাস হচ্ছে না। তাই মেয়েরা বই পড়ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই।
ভেতরে ঢুকে দেখা গেল তসলিম একবিন্দুও মিথ্যা বলেননি। বিদ্যালয়ের মাঠে মিষ্টি রোদে গোল হয়ে বসে একদল মেয়ে বইয়ের পাতায় মুখ গুঁজে বসে আছে। কারও সঙ্গে কেউ কথা বলছে না। সবাই মনোযোগ দিয়ে পড়ছে। এ যেন বই পড়ার হরতাল। রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দুপুরে গিয়ে বই পড়ার এ দৃশ্য দেখা গেছে।
মেয়েদের পাশেই পায়চারি করছিলেন বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রে লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় কেন্দ্রের ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’-এর সংগঠক। তিনি জানালেন, এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তাঁরা হরতালের অলস দিনগুলো কাজে লাগাচ্ছেন। হরতালের দিনে ক্লাসের সুযোগ থাকে না। কিন্তু পড়তে চাইলে কারও পড়ার সুযোগ কেউ কেড়ে নিতে পারবে না—এই ভেবে তাঁরা শিক্ষার্থীদের বই পড়তে ডেকেছেন। এ রকম দিনে সকাল ১০টা থেকে মেয়েরা এসে বই পড়া শুরু করে। দুপুর পর্যন্ত পড়ে তারা বাসায় ফিরে যায়। ইতিমধ্যে সকালে আসা একটি ব্যাচ বই পড়ে চলে গেছে।
নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল রুবাইয়া পড়ছে অস্কার ওয়াইল্ডের সেরা রূপকথা, একই শ্রেণীর শিক্ষার্থী শারমিন ইয়াসমিনের হাতে শরৎচন্দ্রেরপল্লী সমাজ, ইফফাত কানিজের হাতে রবার্ট লুই স্টিভেনসনের ড. জেকিল ও মি. হাইড, মরিয়ম খাতুন পড়ছে হ্যান্স এন্ডারসনের সেরা রূপকথা, জান্নাতুল ফেরদৌস পড়ছে পথের পাঁচালী। সপ্তম শ্রেণীর জান্নাতুল ফেরদৌস চারমূর্তি, আফরোজা আক্তার পড়ছে উভচর মানুষ, রিয়া আক্তার ছেলেদের রসায়ন, সুমনা শারমিন আকাশ যারা করল জয়, নাফিসা তাবাসসুম বেতালের গল্প ও অষ্টম শ্রেণীর অজিফা জাহান পড়ছে পিতা-পুত্র।
আফরোজা এসেছে নগরের ভাটাপাড়া এলাকা থেকে। সে বলে, ‘হরতালের দিনে রাস্তাঘাটে ঝুঁকি আছে। কিন্তু বিদ্যালয়ে এসে একসঙ্গে বসে ক্লাসের বই ছাড়া আমরা অন্য বই পড়ছি। এর আনন্দই অন্যরকম।’ অজিফা জাহান বলে, ‘এভাবে বই পড়ে আমরা হরতালের প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।’