বই বিক্রি বন্ধ রেখে লেখক-প্রকাশকদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিনকে (দীপন) নৃশংসভাবে হত্যা, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল), কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুর ওপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন লেখক ও প্রকাশকেরা। পাশাপাশি বেলা দুইটা পর্যন্ত সারা দেশে বইয়ের দোকান বন্ধ রেখে কর্মসূচি পালন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। হামলার প্রতিবাদ এবং প্রকাশকদের নিরাপত্তার দাবিতে সারা দেশের জেলা প্রশাসক বরাবর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। এ ছাড়া কাল মঙ্গলবার ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ ও মানববন্ধন করবেন বলে ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।