বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
চাঁদপুরের হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৫১০টি বই বিক্রির অভিযোগে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. আক্তার হোসেন সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে উপজেলার বড়কুল (প.) ইউনিয়নের গোপালখোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমকে সাময়িক বরখাস্ত করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গত ও চলতি শিক্ষাবর্ষের ৫১০টি বই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম একজন হকারের কাছে বিক্রি করেন। ভ্যানগাড়িতে করে নেওয়ার সময় এলাকাবাসী বইগুলো উদ্ধার করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান শিক্ষককে কয়েক ঘণ্টা আটক করে রাখে। পরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে শিক্ষককে ছেড়ে দেন এবং বইগুলো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আ. কাদের ও কেরামত আলীর হেফাজতে রাখেন।ব্যবস্থাপনা কমিটির সদস্য আ. কাদের ও কেরামত আলী বলেন, ‘বইগুলো উদ্ধার করে এলাকাবাসী আমাদের জিম্মায় রেখেছে। ওই শিক্ষিকা বিদ্যালয়ের কোনো কাজে আমাদের মতামত নেন না।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ সিরান বলেন, সরকারি বই বিক্রির কোনো নিয়ম নেই। এলাকা থেকে অভিযোগ করার পর গত মঙ্গলবার বই বিক্রি করার কারণে ওই শিক্ষিকাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং বুধবার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে প্রধান শিক্ষক শরিফা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের একটি টাকার ভাউচার নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. ইছহাক মিয়ার সঙ্গে বিরোধ চলছে। তিনি কাজ না করেই ৪২ হাজার টাকার একটি ভাউচারে স্বাক্ষর দিতে বলেন। ওই ভাউচারে স্বাক্ষর না করায় গত সোমবার বিকেলে সহসভাপতি মো. ইছহাক মিয়া তাঁর লোকজন নিয়ে বিদ্যালয়ে হামলা করে বইপত্র নিয়ে গেছেন। প্রধান শিক্ষক দাবি করেন, একটি সাজানো ঘটনায় তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।