বই বিক্রির নতুন কেন্দ্র চালু করেছে বাংলা একাডেমি
নতুন ভবনের পর এবার বই বিক্রির নতুন কেন্দ্র চালু করেছে বাংলা একাডেমি। গতকাল মঙ্গলবার একাডেমির নবনির্মিত কেন্দ্রের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
দুপুরে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব বেগম আকতারী মমতাজ, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চারজন সদস্য কাজী কেরামত আলী, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ ও বেগম জেবুন্নেছা আফরোজ, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেগম আকতার কামাল, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় নবনির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ পুস্তক বিক্রয়কেন্দ্র উদ্বোধন করে সিমিন হোসেন বলেন, ‘বাংলা একাডেমি আমাদের মহান জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বইসমূহ জনগণের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দিতে নবনির্মিত পুস্তক বিক্রয়কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’
সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান ভবনে জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর পরিদর্শন করেন এবং একাডেমির উন্নয়ন কার্যক্রম-সম্পর্কিত ভিডিওচিত্র দেখেন।