বই বিক্রির প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ কামরুজ্জামানের বিরুদ্ধে কেজি দরে ৩০০ মণ প্রাথমিকের পাঠ্যবই বিক্রি করে দেওয়ার অভিযোগের ঘটনায় মানববন্ধন হয়েছে। তাহিরপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনকারীরা ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায় প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। ওই ঘটনায় উপজেলা প্রকৌশলী মিজানুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিজানুর রহমান জানান, সোমবার এ-সংক্রান্ত চিঠি পেয়ে এরই মধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। আজ এই প্রতিবেদন জমা দেওয়ার কথা। শুক্রবার এক ছাত্রের অভিভাবক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ কামরুজ্জামান ৩০০ মণ পাঠ্যবই কেজি দরে বিক্রি করেছেন বলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা শিক্ষা কার্যালয়ের গুদাম থেকে এ বই বিক্রি করে দেওয়া হয়। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘পাঠ্যবই কেজি দরে বিক্রি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।