পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহল এলাকার নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করার লক্ষ্যে গতকাল সোমবার ফ্রিলানথ্রপিক কোটায় বই বিতরণ করা হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি দেশ উন্নয়ন সংস্থা। বিলুপ্ত কয়েকটি ছিটমহলে পাঁচটি কেন্দ্রে মোট ১৫০ জন নিরক্ষর ব্যক্তিকে সাক্ষর হিসেবে গড়ে তোলা হচ্ছে। গতকাল বিকেলে মফিজার রহমান কলেজ মাঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ, হাড়িভাসা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, হাফিজাবাদ ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল।