বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে কমিটি গঠন
চুয়াডাঙ্গায় বিনা মূল্যের বই বিতরণের সময় অর্থ আদায়ের অভিযোগ তদন্তে গত বৃহস্পতিবার রাতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘চুয়াডাঙ্গায় বিনা মূল্যের বই বিতরণে অর্থ আদায় !’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই দিনই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তাঁর একান্ত সচিব (যুগ্ম সচিব পদমর্যাদার) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরিচালক টেলিফোনে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুল হোসেনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। শিক্ষামন্ত্রী জেলা প্রশাসক ভোলানাথ দের সঙ্গে পরামর্শ করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুস সালামকে আহ্বায়ক এবং উপজেলা কৃষি কর্মকর্তা আজগার আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে সদস্য করে কমিটি গঠন করেন।