বই বিতরণে গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের সব শিক্ষার্থীর হাতে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিয়েছে। এ ক্ষেত্রে ঢাকাসহ কিছু এলাকায় ত্রুটি-বিচ্যুতি লক্ষ করা গেছে। পাঠ্যবই বিতরণে যেকোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ও গাফিলতি প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেছেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা-বিষয়কমন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।্র সভায় জানানো হয়, বই বিতরণে গাফিলতি ও কর্তব্যে অবহেলা প্রমাণ হওয়ায় ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে।্রসভায় পাঠ্যবই বিতরণে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি, অনিয়ম, গাফিলতি ও দুর্নীতির জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারী এবং প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ ও সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।্রসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই বিতরণের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি, অযথা দেরি, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৯ কোটি বই মুদ্রণ, বাঁধাই ও বিতরণকে একটি বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, এসব কাজে সামান্য ত্রুটি-বিচ্যুতি লক্ষ করা গেছে। এ থেকে শিক্ষা নিয়ে আগামী বছর সুষ্ঠুভাবে বই বিতরণ করা হবে।