বই বিতরণে টাকা আদায়ের ঘটনায় জড়িতদের নোটিশ
জয়পুরহাটের কালাইয়ে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় দুটি মাদ্রাসার প্রধানকে গত রোববার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার জগডুম্বর দাখিল মাদ্রাসার সুপার আবদুল খালেক ও কালাই ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমানুল্লাহর কাছে গতকাল কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।শিক্ষা কর্মকর্তার প্রতিবাদপ্রথম আলোর ৪-এর পাতায় রোববার ‘কালাইয়ে টাকা নিয়ে বিনা মূল্যের বই বিতরণের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী। তিনি দাবি করেন, বিনা মূল্যের বই প্রতিষ্ঠান-প্রধানদের বুঝিয়ে দেওয়ার সময় কোনো প্রকার অর্থ আদায় করা হয়নি। ওই দুই মাদ্রাসার প্রধানেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের নাম ভাঙিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। তাত্ক্ষণিকভাবে বিষয়টির ব্যাখা চাওয়া হলে তাঁরা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়কে জড়িয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছেন।