বই বিতরণে টাকা নেওয়ার ঘটনায় পাঁচ তদন্ত কমিটি
রংপুরের বদরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে ২০ থেকে ১০০ টাকা নেওয়ার অভিযোগে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ। কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
যে ১০টি বিদ্যালয়ে সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সেগুলো হলো বুজুরুক হাজীপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর, লোহানীপাড়া, ওসমান মধ্যপাড়া, শাহেদা, কাঁচাবাড়ি চৌপতির হাট, আমরুলবাড়ি আসমতপাড়া, আফতাবগঞ্জ, জামুবাড়ি ডাঙ্গাপাড়া ও মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত সোমবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘বদরগঞ্জে সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেওয়ার ঘটনা তদন্তে পৃথক পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। ওসমানপুর মধ্যপাড়া ও বুজুরুক হাজীপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, মুনিরুজ্জামানকে। আমরুলবাড়ি আসমতপাড়া, আফতাবগঞ্জ ও মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তদন্তের দায়িত্বে আছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও মিজানুর রহমান, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছাদ্দেক হোসেন ও সাজ্জাদ হোসেন, লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক ও সাজ্জাদ হোসেন এবং পৌর শহরের জামুবাড়ি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছাদ্দেক হোসেন ও মিজানুর রহমানকে।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহম্মেদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের নির্দেশে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’