বই হাতে স্কুলের পথে সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলায় গত তিন মাস জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জোয়ারের সময় বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় নেন ঘরের চালে, মাচায়। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জোয়ারে জেলার ১৫৫টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হচ্ছে। বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার আশঙ্কাজনক হারে কমেছে।
প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান, অস্বাভাবিক জোয়ারে বিদ্যালয় ও বসতঘর, সড়ক-সেতু ডুবে গেছে। ভিজে গেছে বই। এসব কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না।
সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সদরের রাজাপুর, পূর্ব ইলিশা, কাচিয়া, বাপ্তা, ধনীয়া ও শিবপুর ইউনিয়নের ৪০টি, দৌলতখান উপজেলার মেদুয়া, ভবানীপুর, হাজিপুর, সৈয়দপুর ইউনিয়নের ১৫টি, বোরহানউদ্দিনের বড় মানিকা, পক্ষীয়া, কুতুবা ইউনিয়নের ৩০টি, তজুমদ্দিনের সোনাপুর, মলংচড়া, চাঁদপুর ইউনিয়নের ১৫টি, লালমোহনের ধলীগৌর-নগর, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১০টি, মনপুরার মনপুরা, হাজীরহাট, উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১৫টি এবং চরফ্যাশনের চর মাদ্রাজ, কুকরিমুকরি, ঢালচর, মুজিব নগর ও নজরুল নগর ইউনিয়নের ২০টিসহ ১৫৫টি প্রাথমিক বিদ্যালয় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এসব বিদ্যালয়ে অন্তত ২৬ হাজার ছাত্রছাত্রী রয়েছে।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান হাওলাদার বলেন, প্লাবিত অঞ্চলে শতকরা ৮০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি কমেছে। এ অবস্থা চলতে থাকলে ভোলায় ঝরে পড়া ও অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।
সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘গত ৯৯ দিন (২০ মে-২৭ আগস্ট) জোয়ার এবং ভাঙনের মুখে পড়ে স্কুলটি সরিয়ে মসজিদের মধ্যে নিয়ে এসেছি। সে মসজিদও অস্বাভাবিক জোয়ারে ডুবে যায়। বাধ্য হয়ে জোয়ার আসার আগেই স্কুল ছুটি দিতে হচ্ছে।’
তজুমদ্দিন উপজেলা শহরের চাঁদপুর নুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেব মিয়া বলেন, ‘ছাত্রদের দুই সেট জামা। এক সেট স্কুলে থাকে, আরেক সেট বাড়িতে। ছাত্ররা জোয়ারের পানিতে সাঁতরে এসে ভেজা কাপড় পাল্টে ক্লাস করছে। ক্লাস শেষে আবার ভেজা কাপড় পরে বাড়ি ফিরছে।’
সদর উপজেলার কালীকৃর্ত্তি নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির সাঁজওয়াল, মলংচড়া জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানসহ কয়েকজন শিক্ষক বলেন, প্লাবিত বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা কমলে পড়ালেখায় ছাত্ররা পিছিয়ে পড়বে, পরীক্ষায় অংশগ্রহণ কমবে, অনেকে ফেল করবে, ফেল করলে শিক্ষার্থীরা উপবৃত্তি বঞ্চিত হবে। আর এসব কারণে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা বাড়বে। ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হওয়ায় অনেক শিক্ষার্থী অনাহারে থাকে। যদি সরকার এসব শিক্ষার্থীর খাবার ও থাকার ব্যবস্থা করে তবে অনুপস্থিতির সংখ্যা কমবে, ঝরে পড়াও রোধ হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘প্লাবিত অঞ্চলের প্রাথমিক শিক্ষার্থীদের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। কিন্তু আমরা কী ব্যবস্থা নেব, তা বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করব।’