বইখাতা পুড়ে গেছে, তাই পড়াশোনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে বার্ষিক পরীক্ষা। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ছাত্র জহুরুল ইসলামের পড়ার মতো বইখাতা নেই। আগুনে অন্য সব জিনিসপত্রের সঙ্গে তার বইখাতাও পুড়ে গেছে। তার মতো একই দশা রাসেল, শফিকুলসহ আরও অনেক শিশুর। বইখাতা পুড়ে যাওয়ায় তাদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।গতকাল শুক্রবার বিকেলে রায়েরবাজার রহিম বেপারির ঘাট টং বস্তিতে গিয়ে কথা হয় জহুরুলদের সঙ্গে। জহুরুল জানাল, জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সামনেই তার বার্ষিক পরীক্ষা। এর মধ্যেই তার বইখাতা সব পুড়ে গেছে।গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের নিয়মিত তদন্তে জানা গেছে, বস্তির একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সৃষ্টি হয়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল শুক্রবার বিকেলে পুড়ে যাওয়া বস্তিতে গিয়ে দেখা যায়, যেখানে-সেখানে পড়ে রয়েছে আধপোড়া ভেজা পাঠ্যবই, খাতা, ব্যাগ। দেখা যায়, অনেক নারী ও শিশু নিজেদের ঘরের অবস্থান চিহ্নিত করে ধ্বংসস্তূপ থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করছে। আর ঘরের মালিকেরা পুড়ে যাওয়া ঘরগুলোর টিন বিক্রি করে দিচ্ছেন ভাঙারি হিসেবে। ঘটনাস্থলেই ওজন করার যন্ত্র নিয়ে বসে টিন কিনছেন ভাঙারি ব্যবসায়ীরা। প্রতি কেজি ভাঙারি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।আগুনে সর্বস্ব হারানো দিশেহারা মানুষগুলো সাহায্য পাওয়ার আশায় গতকাল কাজে যায়নি। বৃহস্পতিবার রাত কাটিয়েছে পাশের একটি নির্মাণাধীন তিনতলা ভবনে, কেউ স্বজন বা প্রতিবেশীর বাড়িতে। স্থানীয় জনপ্রতিনিধিরা তিনতলা ভবনটিতে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানেই ৬৪০টি পরিবারের তালিকা করে তাদের খাবারসহ বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় ব্যক্তিরা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে।স্থানীয় লোকজন পুরোনো কাপড় এনে জমা দিচ্ছে দুর্গতদের অস্থায়ী ক্যাম্পে। সেগুলো দরকারমতো নিয়ে যাচ্ছে তারা। এ ছাড়া বস্তিবাসীর জন্য ব্যক্তিগত উদ্যোগেও অনেকে কাপড় ও খাবার সংগ্রহ করছে।গতকাল সকালে সেখানে লুঙ্গি, শাড়ি ও খাবার বিতরণ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। তবে এত সব আয়োজনের মধ্যেই অনেকে অভিযোগ করেছেন, তাঁরা কিছুই পাননি।