সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, এক-এগারোর সময় সাংবাদিক আহমেদ নূর কারারুদ্ধ হয়েছিলেন, রযাক বের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন। সেসব ঘটনা নিয়ে তিনি একটি অসাধারণ বই রচনা করেছেন। তার পাঁচ মাসের কারাবাস থেকে শুরু করে কারাজীবন, কারা পরিস্থিতি আর ওই সময়ে দেশে কী ঘটনা ঘটেছিল—বইয়ে তা স্থান পেয়েছে। বইটি সেই দুঃসময়ের একটি প্রামাণ্য দলিলও বটে।
গত শুক্রবার বিকেল পাঁচটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর রচিত ওয়ান-ইলেভেন: কারারুদ্ধ দিনগুলো বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন, সাংসদ কাজী রোজী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ, কবি আসলাম সানী ও গীতিকবি পরিষদের সভাপতি এম আর মঞ্জুর। স্বাগত বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর।