বইপ্রেম থেকে পাঠাগার

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ব্যস্ততম এলাকা। কোলাহল বেশি থাকায় সেখানে বই পড়ার সুযোগ ও পরিবেশ তেমন একটা ছিল না। এলাকার নবীন-প্রবীণেরা চায়ের দোকানের আড্ডায় অবসর সময় কাটতেন। তবে কয়েক বছরে তাঁদের অনেকের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। এই সুযোগ তৈরি হয়েছে স্থানীয় একটি পাঠাগারের কারণে।
বইপ্রেমী রফিকুল ইসলাম (৪৫) নামের একজন নিজ উদ্যোগে পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন। আরিচাঘাট এলাকায় জেলা পরিষদ মার্কেটের দুটি কক্ষ ভাড়া নিয়ে গড়ে তোলা হয় পাঠাগারটি। ছেলের নামানুসারে এর নাম দেন ‘রোহান পাঠাগার’। তবে এলাকায় ‘রফিক মেম্বারের পাঠাগার’ নামেই বেশি পরিচিত। রফিকুল স্থানীয় শিবালয় ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য।
রফিকুল ইসলাম জানান, আরিচাঘাট এলাকায় যমুনা নদীর পাড়ে তাঁর বাবার দরজির দোকান ছিল। সে সময় নদীতে পাল তুলে নৌকা চলত। এসব কাপড়ের পাল সেলাইয়ের কাজ ছিল বাবার। তবে বাবার একার রোজগারে সংসার চালানো অনেকটা অসম্ভব ছিল। ১৯৯৩ সালে এসএসসি পাসের পর তিনি বাবার দরজি দোকানে কাজ শুরু করেন। বড় ছেলে হওয়ায় এবং ভাইয়েরা সব ছোট হওয়ায় দায়িত্বটা তাঁর কাঁধেই পড়ে। তবে ১৯৯৮ সালের বন্যায় দোকানটি নদীতে ভেঙে যায়। এরপর তাঁকে জীবনসংগ্রামে নামতে হয়।
ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি রফিকুলের প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে বই সংগ্রহ। অষ্টম শ্রেণি পড়া অবস্থায় তিনি মাঝেমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ট্রেনে করে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং লালনের আখড়ায় যাতায়াত করতেন। সে সময় ফেরিওয়ালা ট্রেনে বই বিক্রি করত। সেখান থেকেই তাঁর বই কেনা শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদারসহ কবি-সাহিত্যিকদের অনেক বই কেনেন তিনি। আর মনে স্বপ্ন আঁকেন পাঠাগার গড়ার।
রফিকুল বলেন, ১৯৯৬ সালে তাঁর নিজের কেনা মাত্র তিন শ বই নিয়ে নিজ বাড়িতে পাঠাগার গড়ে তোলেন। এরপর দু-একটি করে বই কিনতে থাকেন। তাঁর এই স্বপ্নপূরণে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতা ও নিজের উদ্যোগে ধীরে ধীরে বইয়ের সংখ্যা বাড়তে থাকে। সেখানে নিয়মিত পাঠকেরা বই পড়তে যেতেন। তবে একটা সময় বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় পাঠাগার নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অবশেষে তিন বছর আগে আরিচা জেলা পরিষদের মার্কেটের দুটি কক্ষ ভাড়া নিয়ে পাঠাগারটি স্থানান্তর করেন। বর্তমানে পাঠাগারটিতে ১০ হাজারের মতো বই আছে।
গত রোববার বিকেলে পাঠাগারটিতে গিয়ে দেখা যায়, সুসজ্জিত পাঠাগারটিতে তাকভর্তি বই। মাঝখানে তিনটি টেবিল ও ২০-২২টি চেয়ার। বিশেষ ধরনের টেবিলগুলোর নিচের অংশেও সাজিয়ে রাখা হয়েছে বই। সেখানে ১০-১২ জন পাঠকের কেউ বই পড়ছিলেন, কেউ আবার পড়ছিলেন পত্রিকা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলার সভাপতি ইকবাল হোসেন বলেন, স্থানীয় ব্যক্তিদের অনেকের অঢেল অর্থবিত্ত আছেন, তবে তাঁরা কেউ বই পড়ার উদ্যোগ নেননি। অথচ তাঁর (রফিকুল) মতো গরিব মানুষ পাঠাগার গড়ে জ্ঞান বিতরণের সুযোগ তৈরি করেছেন।
শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বার (৭২) প্রায়ই পাঠাগারে বই পড়তে আসেন। পাঠাগারে কথা হলে তিনি বলেন, বই জ্ঞান বিকশিত করে। বিকশিত জ্ঞান মানুষকে আলোকিত করে। পাঠাগার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি (রফিকুল) মহৎ উদ্যোক্তার পরিচয় দিয়েছেন।
রফিকুল জানালেন, ভবিষ্যতে পাঠাগারটি সম্প্রসারণের পরিকল্পনা আছে তাঁর। তাঁর মতে, মানুষকে মানবিক চেতনা বোধসম্পন্ন হতে বই পড়ার বিকল্প নেই।