বইপ্রেমীদের আড্ডায় মুখরিত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বইমেলায় বইপ্রেমী কবি, সাহিত্যিক ও লেখকদের আড্ডা বেশ জমে উঠেছে। অভিভাবকেরাও সন্তানদের নিয়ে আসছেন মেলায়। শিশুরাও কিনছে বই। ১০ দিনব্যাপী বইমেলার গতকাল রোববার ছিল তৃতীয় দিন।
লেখক ও গল্পকার রানা মাসুদ তাঁর স্কুলপড়ুয়া দুই সন্তানকে নিয়ে মেলায় ঘুরছেন। বিভিন্ন প্রকাশনীর স্টলে বই নেড়েচেড়ে দেখতে দেখতে কিছু বইও কিনেছেন। তিনি বললেন, ‘মনে হচ্ছে, বাংলা একাডেমির বইমেলায় ঘুরছি। ভালোই লাগছে।’
বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বইমেলা দেখে মনে হচ্ছে, এ যেন বাংলা সাহিত্যের প্রাণের মেলা বসেছে। রংপুরে আগে কখনো এ ধরনের মেলা হতে দেখা যায়নি। মেলায় পছন্দের বইও মিলছে, তাই কিনছি।’
লেখক তুহিন ওয়াদুদ বলেন, ‘এত সুন্দর পরিবেশ। ঘুরতেই যেন ভালো লাগছে। বইপ্রেমীরা বই কিনছেন, আবার মেলার মাঠেও একে অন্যকে বই উপহারও দিচ্ছেন। আগের চেয়ে মানুষের মাঝে বই কেনার প্রবণতা বেড়েছে।’
এসএসসি পরীক্ষা দিয়েছে নাজমুস সাকিব। সে কল্পবিজ্ঞান ও চলচ্চিত্রবিষয়ক বই খুঁজছে এবং পেয়েও গেছে। সে বলে, ‘বেশি বেশি করে প্রচার করা হলে বইমেলায় লোকসমাগম আরও বাড়ত।’
সাহিত্যিক মফিজুল ইসলাম হাতে বই নিয়ে ঘুরতে ঘুরতে বলেন, ‘এভাবে বইমেলার আয়োজন করা হলে বইপ্রেমীর সংখ্যা বেড়ে যাবে। এ ছাড়া ঢাকা থেকে লেখকেরা এলে আরও ভালো হতো। তবে এখনও সময় আছে। মেলা জমে উঠবে।’
ঢাকা থেকে আসা বিভিন্ন প্রকাশনীর ৬৪টি স্টল রয়েছে মেলায়। স্টলের পাশাপাশি মাঠের মাঝে মঞ্চ করা হয়েছে। সেখানে বিকেল থেকে শুরু হয় সাহিত্য বিষয়ে আলোচনা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতা। চলে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘চেতনার জাগরণে বই’—এই স্লোগানে ২ মে শুরু হওয়া এই মেলা চলবে ১১ মে পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।