বইপ্রেমীদের প্রিয় ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধশতাধিক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠকদের প্রিয় ঠিকানা ‘চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার’। শান্ত, নিরিবিলি পরিবেশে কয়েক হাজার বইয়ের সংগ্রহ নিয়ে শহরের প্রাণকেন্দ্রে স্কুল-ক্লাব সড়কের পাশেই এর অবস্থান।
পাঠাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্তাব্যক্তিদের উদ্যোগে ১৯৫৮ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ১০ হাজার টাকার বই কেনা হয়। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট কে এম এস রহমান এর উদ্বোধন করেন। তৎকালীন মহকুমা কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয় হাসান জাহির পাবলিক লাইব্রেরি। পরে নবাবগঞ্জ সাধারণ পাঠাগার এবং শেষে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার হিসেবে পরিচিতি পায় এটি।
পাঠাগারের পুরোনো সদস্য ও হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আশরাফ বলেন, ‘এ পাঠাগারের বই পড়ে ও সাহিত্যালোচনায় অংশ নিয়েই মূলত জ্ঞানচর্চার জগতে প্রবেশ করেছি।’
নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মাযহারুল ইসলাম বলেন, তাঁর চাঁপাইনবাবগঞ্জের লোকসংস্কৃতির গতিপ্রকৃতি-বিষয়ক পিএইচডি গবেষণার জন্য পাঠাগারের বইপত্র দারুণ কাজে লেগেছে। পাঠাগারটি বেশ কিছুদিন থেকে খুঁড়িয়ে চলছে।
পাঠাগারের গ্রন্থাগারিক সোলায়মান করিম বলেন, তিনিসহ এ পাঠাগারের চারজন কর্মীর বেতন বাবদ ১৭ হাজার ২০০ টাকা লাগে। ১০টি জাতীয় দৈনিক পত্রিকা বাবদ খরচ হয় মাসে ৩ হাজার ২০০ টাকা। চার মাস ধরে তাঁদের বেতন বাকি। পত্রিকার বিলও বাকি আছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বছরে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়। এই টাকার অর্ধেক দিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বই সংগ্রহ করতে হয়। জনপ্রিয় লেখকদের নতুন বইয়ের অভাব রয়েছে পাঠাগারে। এ জন্য তরুণ পাঠকদের আনাগোনা কম। এখন পাঠাগারে ১৭০ জন সাধারণ সদস্য। আজীবন সদস্য ৪৩৫ জন।
পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, পাঠাগারে প্রায় ২০ হাজার বই ছিল। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হৃদয়বান ও বইপ্রেমী ব্যক্তিদের সম্মিলিত সহায়তায় একটি স্থায়ী তহবিল গঠন করা হলে পাঠাগারটি ভালোভাবে চলবে।