বইপ্রেমীদের সরব উপস্থিতিতে মুখরিত রংপুর বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, সাহিত্যিক, লেখক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে জমে উঠেছে রংপুর বইমেলা৷ ১০ দিনব্যাপী মেলার অষ্টম দিন িছল গতকাল শুক্রবার৷ মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক৷
বিভাগীয় বইমেলা আয়োজনের আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ বই পড়ে না৷ কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি বলি, বিদ্রোহী কবি বলি৷ কিন্তু তাঁর “বিদ্রোহী” কবিতাটাই িক আমরা সবাই পড়েছি? পড়লে কী উপলব্ধি করেছি?’
প্রবীণ শিক্ষাবিদ রেজাউল হক প্রতিদিন আসেন বইমেলায়। গতকাল তিনি বললেন, ‘এবারের এই বইমেলা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের বইমেলা রংপুরে এটিই প্রথম। তাই প্রতিদিন ছুটে এসেছি। বই কিনেছি, উপহারও দিয়েছি।’
এদিকে বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, গত এক সপ্তাহে বইও ভালো বিক্রি হয়েছে৷ সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর থেকে অনেকে ছুটে এসেছেন মেলায়। কুড়িগ্রামের চিলমারী থেকে বই কিনতে আসা নলেজ রহমান বলেন, ঢাকার বইমেলার আদলে এ বইমেলা ঘুরে ভালোই লেগেছে। পছন্দের বই কিনেছেন তিনি।
পাবলিক লাইব্রেরি মাঠ, টাউন হল চত্বরজুড়ে বসেছে বইয়ের স্টল। ৬৪টি স্টল রয়েছে ঢাকার বিভিন্ন প্রকাশনীর। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও রংপুর বিভাগীয় কমিশনারের আয়োজনে ২ মে থেকে শুরু হওয়া বইমেলা চলবে ১১ মে পর্যন্ত।