ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইপড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জানা যায়, ‘আলোকিত মানুষ বিকশিত বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় বইপড়া কর্মসূচিতে সহযোগিতা করছে মুঠোফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ। কর্মসূচির আওতায় মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা যুক্ত থাকবে। প্রতিবছরের শেষ দিকে পঠিত বইয়ের ওপর কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল আনুষ্ঠানিকভাবে মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে বই দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, বিকাশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাবের শরিফ, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের রেক্টর আমীর আহাম্মদ চৌধুরী ও প্রধান শিক্ষক বাবুল কান্তি সরকার।