কিশোরগঞ্জের ভৈরবে নন্দিত লেখক হুমায়ূন আহমেদ স্মরণে সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে হুমায়ূন আহমেদ স্মরণসভা উদ্যাপন পরিষদ এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় লেখক জাফর ইকবাল বলেন, ‘আমার ভাই হুমায়ূন আহমেদ ছিলেন খেয়ালি মানুষ। জীবনকে নিয়ে তিনি সব সময় পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসতেন। যদিও তাঁর সব নিরীক্ষা ভালো হয়নি। তিনি সব সময় বই পড়তেন এবং পড়তে বলতেন। আমাদের পরিবারের সদস্যদের হাতে ধরে পাবলিক লাইব্রেরিতে নিয়ে যেতেন। উদ্দেশ্য, বই পড়ার প্রতি আমরা যেন মনোযোগী হই। সুতরাং বই পড়ার মাধ্যমে প্রিয় হুমায়ূন আহমেদকে সঞ্চরণ করতে হবে। বই পড়ার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সবচেয়ে উত্তম।’ জাফর ইকবাল বলেন, ‘আমরা ছিলাম যুদ্ধবিধ্বস্ত পরিবারের সদস্য। হতদরিদ্র এই পরিবারের সদস্যদের মাটিতে ঘুমাতে হয়েছে। তার পরও হুমায়ূন আহমেদ ও আমরা নীতিবোধ নিয়ে থাকার চেষ্টা করেছি।’ বিশেষ অতিথি লেখক আবদুর রউফ বলেন, অনেকে মেধাবী, ভালো লেখক। কিন্তু সবাই সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেন না। মানুষের ভালোবাসায় যিনি সিক্ত হতে পারেন, তাঁর মেধা নিয়ে গর্ব করা যায়। হুমায়ূন আহমেদ ছিলেন সেই মাপের একজন মেধাবী লেখক। যিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। উদ্যাপন পরিষদের সভাপতি এ কে মোবারক আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ফখরুল আলম, জিল্লুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাশ, উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংবাদিক বশির আহমেদ, সংস্কৃতিকর্মী এস এম বাকী বিল্লাহ, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ বণিক, মো. সেলিম, রায়হান উদ্দিন, ইমরান হোসাইন প্রমুখ।