সিনেমা স্টাইলে খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমার পোস্টার দিয়ে সাজানো হয়েছে ফিল্মি ক্যাফে l ছবি: প্রথম আলো
সিনেমার পোস্টার দিয়ে সাজানো হয়েছে ফিল্মি ক্যাফে l ছবি: প্রথম আলো

শামী কেন কাবাব (শামী কাবাব), ছুঁয়ে দিলে কাঠি (কাঠি কাবাব), নাম্বার ১ গরুর চাপ, বটি কেন গরুর (গরুর বটি কাবাব), ছাগলের ৩ নম্বর চাপ, বটি কেন খাসির (খাসির বটি কাবাব), ফোর্থ পারসন সিংগুলার চিকেন, নিঃস্বার্থ মেজবানি গোশত, গিলা বড় না কলিজা বড়, মগজ ধোলাই, পূর্ণদৈর্ঘ্য খিরী কাবাব, ঢাকাইয়া কিং স্যুপ, মন শুধু চায় টিক্কা, কত বাটারে কত রাইস, ম্যাক্সিকান টরটিলা, জীবন লুচিময়, লুচি দি পরোটা, ডাল ম্যাড ইন বাংলাদেশ, রংবাজ টি, গরম মাসালা টি, পিকে মালাই টি—এগুলো হলো বিভিন্ন খাবার ও চায়ের নাম। আর যেখানে এ খাবারগুলো পাওয়া যায়, তার নাম হলো ‘ফিল্মি ক্যাফে’। এটি রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৯ নম্বরে অবস্থিত।
কয়েক দিন আগে রিকশায় মাইক লাগিয়ে ফিল্মি ক্যাফের প্রচার চালানোর সময় বলা হচ্ছিল, ‘সিনেমার কায়দায় খেতে চান, তাহলে ফিলমি ক্যাফেতে আসুন।’ প্রচারের এ বাণীই টেনে নিয়ে যায় ফিলমি ক্যাফেতে।
ক্যাফের সিঁড়ির সামনেই একটি রিকশা রাখা। তার সিটে লেখা ‘মায়ের দোয়া’। পাশেই বানারাস সাচি মিষ্টি পানের ভান্ডার। সেখানে ‘দিলখুশ সাচি মিষ্টি পান’সহ নানা ধরনের পান রয়েছে। পাশের দেয়ালে সিনেমার নেগেটিভের নকশার মধ্যে পোস্টারের ছবি। ঘরের ভেতরে আছে জহির রায়হান লাউঞ্জ, ফিল্ম লাউঞ্জ, তারেক মাসুদ লাউঞ্জ। দেয়ালে গেরিলা, মনপুরার সিনেমার পোস্টার, আবার কোনো কোনো জায়গায় মিস্টার বিনসহ নায়ক-নায়িকার ছবি। দুটি জানালায় পর্দা ঝুলছে, লাল আর হলুদ স্ট্রাইপের পলিথিনের পর্দা। বৃষ্টি থেকে বাঁচার জন্য রিকশার যাত্রীরা যে পর্দা ব্যবহার করেন, তা দিয়েই বানানো হয়েছে এই পর্দা। টেবিল বানানো হয়েছে রিকশার বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। রিকশাচালক রাস্তায় ক্রিংক্রিং শব্দ করেন, সেই ক্রিংক্রিং যন্ত্রটি বসানো হয়েছে টেবিলের নিচে। খেতে বসে যদি কিছু প্রয়োজন হয়, তখন ক্রিংক্রিং শব্দ করলেই এগিয়ে আসবেন ক্যাফের কোনো কর্মী। রিকশার বসার ‘সিট’ দিয়েই বানানো হয়েছে ক্যাফের বসার জায়গা। ছোট ছোট টেবিল। কোনোটার নাম রাজ্জাক-ববিতা, আলমগীর-শাবানা, ওমরসানী-মৌসুমী, রিয়াজ-পূর্ণিমা, সালমান শাহ-শাবনূর, অনন্ত-বর্ষা অথবা সাকিব খান-অপু। পরিবারের সবাই মিলে বা কয়েকজন বন্ধুবান্ধব মিলে খেতে চাইলে তারও ব্যবস্থা আছে। এখানে বসার ব্যবস্থা কিছুটা ভিন্ন। সোফা দিয়ে সাজানো। হিন্দি, বাংলা বা ইংরেজি সিনেমার গান একটার পর একটা বেজেই চলেছে।
প্রায় এক বছর হলো ফিলমি ক্যাফে চালু করেছেন আহমেদ ইশতিয়াক। তিনি তাঁর নিজের বাড়িতেই এ ক্যাফে চালু করেছেন। চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে পরিচিতির সুবাদে তিনি তাঁর ক্যাফেকে একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছেন বলে জানালেন। রাজধানীর আরও কয়েকটি জায়গায় একই ধাঁচের ক্যাফে চালু করার কথাও জানালেন তিনি।
ক্যাফের ভেতরেই রান্নার ব্যবস্থা। পরিবার বা বন্ধুদের নিয়ে বসার জায়গাটির দরজা বন্ধ করে রাখা যায়। সেখানে অনেকেই বসে ধূমপান করেন। ফলে কিছুটা ধোঁয়াটে গন্ধ আছে ঘরটিতে। দিন ও রাতের বেলায় ক্যাফের ভেতরে থাকে আলো-আঁধারি পরিবেশ। কেউ ব্যবসায়িক কোনো কাজের আলোচনা বা অনেকে শুধু খাওয়া ও আড্ডা দিতেই ক্যাফেতে আসছেন। সন্ধ্যার পর মূলত ভিড় বাড়ে। খোলা থাকে রাত ১১টা পর্যন্ত।
ক্যাফের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম সোহেল রানা। তিনি জানালেন, ক্যাফেতে মোট ১০ জন কর্মী খাবার বিতরণের কাজ করছেন।
ক্যাফেতে যাঁরা খেতে আসছেন, তাঁদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। তবে খাবারের মান নিয়ে সবাই যে সন্তুষ্ট তা নয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সালমা বললেন, খাবারের মান আহামরি বলা যাবে না। ক্যাফের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। আর পুরো ক্যাফে ধূমপানমুক্ত রাখতে হবে। অনেকেই সঙ্গে বাচ্চাদের আনেন, তখন একটু সমস্যা হয়। ক্যাফের পরিকল্পনায় নতুনত্ব আছে। খাবার বিতরণ করা হচ্ছে বিভিন্ন পোড়া মাটির বাসনে। ঐতিহ্য ধরে রাখার জন্য রিকশার বিভিন্ন জিনিস ব্যবহার করেছে। তবে খাবারের মান আরও ভালো হওয়া দরকার।
এক টেবিলে দুজন বসে ব্যবসায়িক আলোচনা করছিলেন। স্যুপ খাওয়ার পর নিজেদের মধ্যেই বললেন, দাম হাতের নাগালে থাকলেও স্যুপের পরিমাণ আরেকটু বাড়ালেই পারত। দুপুর ও রাতের খাবারের চারজনের প্যাকেজ ১০৫০ টাকা। এ ছাড়া প্রতিটি পদ আলাদা করেও নেওয়ার সুযোগ আছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্যাফের পেজে লাইক ও চেকইন করলেই মিলবে ৯ শতাংশ ডিসকাউন্ট।