বইমেলা: ব্যস্ত ছাপাখানা

চেয়ারে বসে ঝিমোচ্ছেন একজন, আর তিনজন কাজে ব্যস্ত। অবিরাম চলছে ছাপার কাজ। তিনজন ব্যস্ত আর একজন কেন চেয়ারে বসে ঝিমোচ্ছেন? প্রশ্ন শেষ না হতেই জবাব দিলেন কাজে ব্যস্ত ওই প্রতিষ্ঠানের আরেক কর্মী সুমন। ‘উনি গতকাল সারা রাত না ঘুমিয়ে এখানে ছাপার কাজ করেছেন। আজও বাসায় যেতে পারেননি। একজন সুস্থ মানুষ কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারেন বলেন!’ গতকাল বুধবার এ চিত্র দেখা গেল ফকিরেরপুলের ‘সজীব প্রিন্টিং প্রেস’ নামের একটি ছাপাখানায়। অমর একুশে গ্রন্থমেলার বই ছাপানোর কাজ চলছে এখানে। একই রকম অবস্থা এখন রাজধানীর ছাপাখানাগুলোতে।
‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ কে কেন্দ্র করে বাংলা একাডেমির প্রস্তুতি চলছে জোরকদমে। প্রথমবারের মতো সোহ্রাওয়ার্দী উদ্যানে এবার মেলা সম্প্রসারিত হচ্ছে। অবকাঠামোর কাজ চলছে সেখানে। ব্যস্ত প্রকাশকেরাও স্টলের সাজসজ্জা নিয়ে। বইমেলার শেষ সময়ের প্রস্তুতি হিসেবে রাজধানীর ফকিরেরপুল, কাঁটাবন, সূত্রাপুর, বাংলাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার ছাপাখানা ও বাঁধাই কারখানাতে চলছে দিন-রাত টানা কার্যক্রম।
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, এসব এলাকায় চলছে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিতব্য নতুন বইয়ের ছাপার কাজ। সেখানে দিনে-রাতে সমান ব্যস্ততা। দিনে তো কাজ হচ্ছেই, বেশির ভাগ প্রতিষ্ঠানে সারা রাত অবিরাম কাজ চলছে। বই প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত কম্পোজের দোকানগুলোতে সবাই আগের চুক্তির কাজে ব্যস্ত, নতুন করে কম্পোজের কাজ নেওয়ার সময় নেই তাদের। কাঁটাবনের আইডিয়ার্স প্রিন্টার্সের কুদরতউল্লাহ বলেন, ‘অতিরিক্ত মজুরি পাওয়ার আশায় কর্মচারীরাও সানন্দে ওভারটাইমের কাজ করে।’ ফকিরেরপুলের বাদশা প্রিন্টার্সে মূলত পেস্টিংয়ের কাজ হয়। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানভীর জানান, ‘কাজের ভীষণ চাপ, সাত দিন হলো বাড়ি যাওয়া হয় না, খাওয়া-দাওয়া বাদে পুরো সময় পেস্টিং করে যাচ্ছি। নিরন্তর কাজের মধ্যে থেকেও বাড়তি অর্থ সমাগমের বিষয়টা মাথায় রেখে বেশ আনন্দ লাগছে।’ ছাপাখানার ব্যস্ততার পাশাপাশি বইয়ের প্রচ্ছদশিল্পীদেরও ব্যস্ততা এখন তুঙ্গে। নগরের প্রতিষ্ঠিত জ্যেষ্ঠ শিল্পীরা তো আছেনই, পাশাপাশি তরুণ শিল্পীরাও দিন-রাত প্রচ্ছদ আঁকার এবং ভেতরের অলংকরণের কাজ করছেন। তরুণ শিল্পী আবু হাসান জানালেন, ‘শেষ মুহূর্তে নতুন নুতন কাজ আসছে। কাজের চাপে ঘুম তো গেছেই, নাওয়া-খাওয়াও ভুলে যাচ্ছি। সারাক্ষণ কাগজ, তুলি আর কম্পিউটার সামনে কাজ করে মাঝে মাঝে চোখে অন্ধকার দেখি।’
লেখা, কম্পোজ, অলংকরণ, ছাপা, পেস্টিং, বাইন্ডিং এগুলোর পৃথক কাজের সমন্বিত প্রচেষ্টায় এক একটি বই পাঠকের হাতে আসে। সেই বই কিনতেই গ্রন্থানুরাগীদের সমাবেশ ঘটবে মেলায় প্রতিবছরের মতো এবারও।