বইমেলার আয়োজক হতে চান প্রকাশকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর থেকে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের দায়িত্ব প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। একই সঙ্গে মেলার বাকি তিন দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে প্রকাশক সমিতি।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে আজ শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ওসমান গনি।
লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক নির্বাহী পরিচালক মিলন কান্তি নাথ। আরও বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক ও চারুলিপি প্রকাশনের হুমায়ূন কবির। লিখিত বক্তব্যে মেলার নানা অসংগতি তুলে ধরা হয়। যা ইতিমধ্যেই একাডেমির কাছে লিখিত আকারে পাঠানো হয়েছে।
প্রকাশকদের হাতে মেলা ছেড়ে দেওয়ার দাবি প্রসঙ্গে ওসমান গনি বলেন, ‘প্রকাশকেরা এখন মেলা করতে সক্ষম। আমরা ছয় বছর ধরে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন করে আসছি। সুতরাং এখন একাডেমির উচিত মেলা আমাদের হাতে ছেড়ে দিয়ে নিজের গবেষণা কাজে মনোযোগ দেওয়া। অন্যথায় মনে করবো, একাডেমি প্রকাশকদের স্বার্থের কথা ভাবছে না।’
বাংলা একাডেমির আয়োজনে শুক্রবার বিকেল চারটা থেকে মূল মঞ্চ ও মেলা প্রাঙ্গণে নীরবে দাঁড়িয়ে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে স্মরণ করা হয়। অবশ্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ আগে থেকে না জানানোয় অনেকেই এ কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রকাশকদের কেউ কেউ।
অভিজিতের স্মরণে বিকেল ৪টায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। মূল মঞ্চে উপস্থিত সবাই এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।