বইমেলার নামে জুয়া অশ্লীল নৃত্য
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও বইমেলার অনুমতি নিয়ে আয়োজকেরা ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় ভ্যারাইটি শো, র্যাফল ড্র আর জুয়ার আসর বসিয়েছেন।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝালকাঠি-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিকে ধানসিঁড়ি নদীর পাশে ফসলের মাঠে ভ্যারাইটি শো ও র্যাফল ড্রর প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এ প্যান্ডেলের প্রায় ১০০ গজ পেছনে উত্তর দিকে শ্যামল চন্দ্র মণ্ডলের পানের বরজের মধ্যে নির্মাণ করা পাঁচটি জুয়ার প্যান্ডেলের মধ্যে রয়েছে দুটি চরকা, দুটি বৌড্ডা ও একটি ওয়ান টেন (শুটিং)। ২২ মার্চ থেকে বইমেলা শুরু হয়েছে। চলবে ১০ দিন। প্রতিদিন রাত নয়টা থেকে ভোর রাত পর্যন্ত ঝালকাঠি, রাজাপুর, পিরোজপুর, কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার শত শত লোক এখানে জুয়া খেলছে।গত শনি ও রোববার রাতে মেলায় গিয়ে দেখা গেছে, মাঠে প্রায় ৪০ ফুট উঁচু আলোকসজ্জার একটি টাওয়ার। মাঠের পশ্চিম পাশে চার-পাঁচটি চা-পান-সিগারেটের দোকান। মেলায় কোনো বই বা কুটির শিল্পের স্টল নেই। র্যাফল ড্রর কুপন বিক্রি হচ্ছে ১০ টাকা করে।ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি নাগরিক কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মার্চ থেকে ১০ দিনের জন্য আলোচনা সভা ও বইমেলার অনুমতি দেওয়া হয়েছে।এ ব্যাপারে সোহরাব হোসেন বলেন, ‘আমি মেলার জন্য কোনো আবেদন করিনি। কেউ হয়তো আমার নাম দিয়ে আবেদন করেছে। আমি মেলার ধারে-কাছেও যাই না।’নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সোহরাব হোসেনের ভাতিজা শাহীন খলিফা, পাকোন, মোস্তফা, রিংকু ও নয়ন ভ্যারাইটি শো, জুয়া ও র্যাফল ড্রর তদারকি করছেন।শাহীন খলিফা জানান, মেলার অনুমতি ও আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে। খরচ ওঠানোর জন্য কিছু আয়োজন করতে হয়।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, পিংড়িতে জুয়ার কোনো অনুমতি নেই। অনুমতির বাইরে কিছুই হতে দেওয়া হবে না।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, এলাকাবাসী লিখিত অভিযোগ দিলে এবং এর সত্যতা পাওয়া গেলে মেলার অনুমতি বাতিল করা হবে।