বইমেলায় আসছে প্রধানমন্ত্রীর লেখা নির্বাচিত প্রবন্ধ
অমর একুশে গ্রন্থমেলায় এবার আসছে প্রধানমন্ত্রীর আরেকটি নতুন বই। বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে সংকলনগ্রন্থ নির্বাচিত প্রবন্ধ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বুধবার বিকেলে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর লেখা প্রবন্ধ সংকলনের প্রথম প্রবন্ধ ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’। ১৯৯৩ সালে লেখা প্রবন্ধটিতে বাংলাদেশে স্বৈরাচারের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পরিচয় ফুটে উঠেছে। ‘শিক্ষিত জনশক্তি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক প্রবন্ধে প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সমস্যা চিহ্নিত করেছেন। ‘সবার ওপরে মানুষ সত্য’ প্রবন্ধে শেখ হাসিনা ১৯৪৮ সালে জাতিসংঘের মানবাধিকার ঘোষণা সত্ত্বেও বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে দেশে দেশে মানুষে মানুষে এবং একই দেশে শ্রেণিবিভক্ত সমাজে মানবতার চরম অবমাননার বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে লেখা ‘ভালোবাসি মাতৃভাষা’, ২০০২ সালে প্রকাশিত ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ১৯৯৮ সালে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি নিয়ে লেখা ‘স্মৃতি বড় মধুর স্মৃতি বড় বেদনার’, বাঙালির স্বাধিকার আন্দোলন নিয়ে ২০০১ সালে লেখা ‘সংগ্রামে আন্দোলনে গৌরবগাঁথায়’, ১৯৯৯ সালে লেখা ‘বৃহৎ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘প্লিজ, সাদাকে সাদা কালোকে কালো বলুন’, ‘একটি স্মরণীয় অভিজ্ঞতা’ এবং ১৯৯১ সালে লেখা ‘অনর্জিত রয়ে গেছে স্বপ্নপূরণ’ প্রবন্ধ সংকলিত হয়েছে এই গ্রন্থে।
বইয়ের সর্বশেষ প্রবন্ধ হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় নিয়ে লেখা ‘সত্যের জয়’। ২০০৫ সালে প্রধানমন্ত্রী এটি রচনা করেন। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত এ গ্রন্থের মূল্য ৩৫০ টাকা।
প্রধানমন্ত্রীকে নিয়ে আওয়ামী লীগের বই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন-সাফল্য, স্বীকৃতি-সংগ্রামী অভিযাত্রা নিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ব্যক্তিদের লেখা নিয়ে বই প্রকাশ করেছে আওয়ামী লীগের প্রচার উপপরিষদ।
গণতন্ত্রের বহ্নিশিখা: শেখ হাসিনা শীর্ষক এই বই গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়। বইটির সম্পাদনা পরিষদের সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।