বইমেলায় এক খুদে লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলীন বাসার
অলীন বাসার

‘এক ছিল ভূত। তার নাম ভুতুম। ভুতুম খুব উপকারী ভূত। ভুতুমের একটা স্বভাব আছে। কড়ার সময়ে কড়া, পড়ার সময়ে পড়া, খেলার সময় খেলা...।’

এভাবেই ভুতুম গল্প এগোতে থাকে। বইটির নামও ভুতুম। প্রচ্ছদ, শেষ পৃষ্ঠাসহ ১২ পৃষ্ঠার বইটি লিখেছে অলীন বাসার। এই লেখকের বয়স নয় বছর। মতিঝিলের আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এবারের অমর একুশে গ্রন্থমেলায় অলীনের এটি তৃতীয় বই। এর আগেও পরপর দুই বছর মেলায় তার আরও দুটি বই বেরিয়েছে।

অলীন দেশের অত্যন্ত খুদে গ্রন্থ লেখক হিসেবে পরিচিতি পেয়েছে।

শুধু বই লেখাই নয়, অলীন একটি পত্রিকারও সম্পাদক। শান্তশিষ্ট নামের শিশুতোষ পত্রিকা অবশ্য বের হয় হাতে লিখে। এখন স্কুলে পড়াশোনার চাপ বাড়ছে বলে বিশেষ দিনগুলোতে এ পত্রিকা বের করে অলীন।

গতকাল সোমবার এই খুদে লেখক এবং তার বাবা–মায়ের সঙ্গে কথা হয় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। প্রথম দিকে কথা বলতে একটু লজ্জা পেলেও অলীন একসময় জানাল, স্কুলে তাকে ঘিরে কী কাণ্ডটাই না ঘটল। কেননা মেলায় বই প্রকাশের পর তাকে টেলিভিশনেও দেখানো হয়েছে। এ পর্যন্ত সাত থেকে আটজনকে অটোগ্রাফও দিতে হয়েছে।

এই খুদে লেখক জানাল, ও অনেক বই পড়ে। তারপর গল্প, ছড়া লিখে ফেলে। তবে সব গল্প শেষ করতে ইচ্ছে করে না। এ রকম অসমাপ্ত গল্প অনেক আছে। টুকরো টুকরো কাগজে লেখে বলে অনেক গল্প হারিয়েও গেছে। তাই এখন ডায়েরিতে লেখার চেষ্টা করছে।

সাঁকোবাড়ি প্রকাশন থেকে বের করা বইটির মূল্য ১০০ টাকা। অলীন বইটি উৎসর্গ করেছে কাগজ ও কলমকে, কেননা এদের ছাড়া তো গল্পই লিখতে পারত না।